17/06/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
প্রতিটি মানুষেরই কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে, আর সাদ্দাম জাহির ভাই ছিলেন তেমনই একজন মানুষ। গ্র্যাজুয়েশন শেষে কিছুদিন Khulna University Graduates Club (KUGCL)-এর ম্যানেজার হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল আমার। যদিও ক্যাম্পাস জীবনে তাঁর সঙ্গে কয়েকবার দেখা-সাক্ষাৎ হয়েছিল, ক্লাবে কাজ করার সুবাদে তাঁর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পাই।
ভাই প্রায়ই আমাকে ডেকে নিয়ে বসতেন। ক্যাম্পাস, শিক্ষার্থীদের উন্নয়ন এবং বিশেষ করে ক্যাম্পাসের শৃঙ্খলা নিয়ে তাঁর ভাবনা ও উদ্বেগের শেষ ছিল না। অবাক লাগত, এত বছর পরও তিনি কতটা আন্তরিকভাবে বিশ্ববিদ্যালয় এবং তার ভবিষ্যৎ নিয়ে ভাবতেন। মাঝে মাঝে নিজের পরিকল্পনা ও চিন্তাগুলোও শেয়ার করতেন—কীভাবে আরও ভালো কিছু করা যায়, কীভাবে নতুন প্রজন্ম উপকৃত হতে পারে।
আমাদের Soil, Water and Environment Discipline তাঁর কাছে অনেকটাই ঋণী থাকবে। নীরবে, প্রচারের আড়ালে থেকে তিনি ডিসিপ্লিন ও অনেক মানুষের জন্য অসংখ্য ভালো কাজ করেছেন, যা হয়তো সবাই জানেন না।
পাহাড়ের প্রতি তাঁর ছিল এক অদ্ভুত ভালোবাসা। সেখানে একটি বাড়িও তৈরি করেছিলেন। সুযোগ পেলেই চলে যেতেন সেখানে। আমাকে বেশ কয়েকবার বলেছেন, “চল, একদিন ঘুরে আসি।” আমিও ভেবেছি যাব, কিন্তু নানা ব্যস্ততায় আর যাওয়া হয়ে ওঠেনি। আজ সেই না-যাওয়ার আক্ষেপটা আরও বেশি অনুভব করছি।
মিরপুরে বাসা থাকার কারণে তাঁর গাড়িতে বহুবার লিফট নেওয়ার সৌভাগ্য হয়েছে। কাছ থেকে দেখেছি একজন আন্তরিক, সহৃদয় এবং দায়িত্বশীল মানুষকে। মানুষের ভুল-ত্রুটি থাকে, কিন্তু তাঁর অসংখ্য ভালো কাজ, আন্তরিকতা এবং মানুষের প্রতি ভালোবাসা তাঁকে সবসময় স্মরণীয় করে রাখবে।
সাদ্দাম ভাইয়ের এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন এবং তাঁর নেক আমলগুলোর উত্তম প্রতিদান হিসেবে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। আমিন। 🤲🏻💔