27/07/2026
গাজীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি
গাজীপুর, ২৬ জুলাই ২০২৬: বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরের উদ্যোগে রবিবার (২৬ জুলাই) বিকেল ৩টায় নগরীর সাগর সৈকত কনভেনশন হলে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এক বিশাল নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ এমপি, কেন্দ্রীয় মিডিয়া সেলের সমন্বয়ক মাওলানা হাসান জুনায়েদ, কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা এহসানুল হক এবং যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।
গাজীপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি মুফতি ফারুক আহমদ নোমানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ কাজী নিজাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মোর্শেদ কামাল চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সভাপতি শাইখুল হাদীস মাওলানা মাসউদুর রহমান, গাজীপুরের বিশিষ্ট আলেম শাইখুল হাদীস মুফতি নুরুল ইসলাম, গাজীপুর মহানগর ইমাম পরিষদের সভাপতি কারী আব্দুর রহীম আল-মাদানী, বাসন থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি আবু নাঈম কাসেমী, কারী জুবায়ের আহমদ তাসরীফ, মাওলানা আলমগীর হোসেন আকরামীসহ মহানগর ও বিভিন্ন থানা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, জুলাই সনদ কোনো দল বা গোষ্ঠীর দাবি নয়; এটি দেশের জনগণের ন্যায্য অধিকার ও গণ-আকাঙ্ক্ষার প্রতিফলন। গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি দেশ, ইসলাম ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল শ্রেণি-পেশার মানুষকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সমাবেশে বক্তারা অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আর কোনো কালক্ষেপণ নয়; দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এ দাবি আদায় করা হবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।