09/08/2026
স্টাফ রিপোর্টার : ঈশ্বরদীর সুনামধন্য খায়রুল গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত খায়রুল গ্রুপ প্রিমিয়ার ক্রিকেট লীগ (সিজন-২)-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় খায়রুল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্বপ্নদ্বীপ রিসোর্টের অত্যাধুনিক টার্ফে লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, বিশিষ্ট সমাজসেবক শ্রী প্রভাস চন্দ্র ভদ্র, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম নয়ন, মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের উপদেষ্টা শহিদুল হাসান ববি সরদার, সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদীর সম্পাদক সুমার খান, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার এবং খায়রুল গ্রুপের সিইও মুনেম তাজওয়ার অহিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, সহকারী ভূমি কর্মকর্তা আফসার আলী, বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি সিদ্দীকুর রহমান ময়েজ (কুল ময়েজ)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ফাইনাল খেলায় রূপপুর রুফটপ রেস্টুরেন্ট দল চার উইকেটে খায়রুল অটো ফ্লাওয়ার মিল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, খায়রুল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত এ ক্রিকেট প্রিমিয়ার লীগে তিনটি রাউন্ড শেষে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এবারের আসরে খায়রুল গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো হলো: স্বপ্নদ্বীপ রিসোর্ট, খায়রুল ইন্টারন্যাশনাল হোটেল, খায়রুল এগ্রোফুড প্রোডাক্টস, খায়রুল অটো ফ্লাওয়ার মিল এবং রূপপুর রুফটপ রেস্টুরেন্ট।