24/12/2025
'রাতের বেলা মেয়ে ভয় পেয়ে কাঁদতে পারে—এই ভেবে মৃত মেয়ের কবরের পাশেই শুয়ে আছে এক বাবা।' গত দু’দিন ধরে এমন একটি পোস্ট কয়েকবার ফিডে চোখে পড়েছে। ভেবে দেখেছেন কি, সন্তানের জন্য একজন বাবার অনুভূতি কতটা গভীর হতে পারে? আমরা কি কখনো নিজের বাবার আবেগ-অনুভূতি জানার বা বোঝার চেষ্টা করি?
আমার মতে, পৃথিবীর সবচেয়ে আন্ডাররেটেড মানুষটি হলো বাবা। নিজের পুরো জীবনটাই তিনি সন্তানের ভবিষ্যৎ গড়তে ব্যয় করেন, অথচ জীবদ্দশায় তেমন কোনো মূল্যায়ন পান না। মাঝে মাঝে মনে হয়, প্রকৃতি নিজেই বাবাদের আবেগ প্রকাশের সুযোগ দেয় না। একটু মনস্তাত্ত্বিকভাবে ভাবলেই বিষয়টি পরিষ্কার হয়। ছেলেসন্তানরা স্বভাবতই মায়ের প্রতি বেশি টান অনুভব করে। মায়ের একটুখানি আবদারে ছেলেরা পৃথিবীর দুই প্রান্ত এক করে দিতে পারে। আর মেয়েরা হয়ে ওঠে চরম বাবা-ভক্ত। দিনমজুর থেকে শিল্পপতি—সবার কাছেই নিজের মেয়ে যেন রাজকন্যা। কিন্তু সেই মেয়েটিই বিয়ের পর স্বামী-সন্তানের মায়ায় বাবাকে আর আগের মতো অনুভব করতে পারে না। তবু বাবাদের কোনো অভিযোগ থাকে না। বুকভরা অভিমান থাকলেও মুখে থাকে হাসি, আর প্রতিটি প্রার্থনায় থাকে সন্তানের জন্য দোয়া।
বাবা নামের এই মানুষটি সন্তানের জন্য সবকিছু করতে পারেন। করোনার সময়ে চাকরি হারানো এক সম্ভ্রান্ত, শিক্ষিত বাবা স্বপ্ন সুপারশপ থেকে দুধ চুরি করেছিল—এই ঘটনাটা আমাদের অনেকেরই মনে আছে। সন্তানের চাহিদার কাছে বাবার সম্মান অনেক সময় তুচ্ছ হয়ে যায়, কখনো কখনো নিজের জীবনের চেয়েও বেশি মূল্য পায় সন্তানের প্রয়োজন। টাইটানিক জাহাজডুবি নিয়ে নির্মিত সিনেমায় জ্যাক ও রোজের গল্প আমরা সবাই জানি, অনেকেই কেঁদেছি। কিন্তু সেই রাতের অসংখ্য সত্য ঘটনা আমাদের অজানা থেকে গেছে। কীভাবে বহু বাবা নিজে না গিয়ে স্ত্রী ও সন্তানদের লাইফবোটে তুলে দিয়েছিলেন, সেগুলো খুব একটা আলোচনায় আসেনি। নাভ্রাতিল নামের এক ফরাসি নাগরিক তো সহকারী ক্যাপ্টেনের পোশাক চুরি করে অভিনব কৌশলে ভিআইপি প্রোটোকলে নিজের সন্তানদের লাইফবোটে পাঠিয়েছিলেন।
নাভ্রাতিলের মতোই প্রতিটি বাবা যেন একেকজন কিংবদন্তি, একেকটি থ্রিলার গল্প। প্রতিটি বাবাই একেকজন নীরব সুপারহিরো। মুঘল সম্রাট বাবর আল্লাহর কাছে নিজের জীবনের বিনিময়ে সন্তান হুমায়ুনের প্রাণভিক্ষা চেয়েছিলেন। যুগে যুগে বাবাদের এমন গল্প লিখতে বসলে তা শেষ করা সম্ভব নয়।
বাবা নামের এই বটগাছটি সারাজীবন নিজের ছায়া দিয়ে আমাদের আগলে রাখেন। অথচ জীবনের শেষ প্রান্তে এসে তিনিও একটু স্বস্তি চান। তিনি চান, কেউ তার কাঁধে হাত রেখে বলুক—'আরে বাবা, চিন্তার কিছু নেই, আমি আছি তো।' সময় থাকতে আপনার বাবার যত্ন নিন, তার আবেগ বোঝার চেষ্টা করুন। বাবা যেদিন থাকবেন না, সেদিন হয়তো ‘এতিম’ শব্দটির মানে সত্যিকার অর্থেই উপলব্ধি করবেন। যেখানেই থাকুন, ভালো থাকুন আমাদের সব বাবারা। রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগীরা।