23/05/2026
এক বুযুর্গের স্ত্রী ছিলেন অত্যন্ত ঝগড়াটে। সারাক্ষণ ঘরে অশান্তি লেগেই থাকত। বুযুর্গ যখনই ঘরে ফিরতেন, শুরু হয়ে যেত তর্ক, ঝগড়া আর গালমন্দ।
একদিন এক লোক অবাক হয়ে তাঁকে বললেন,
“হুজুর! আপনি এত ঝগড়া-অশান্তি কেন সহ্য করছেন? এতো কষ্টের সংসার রেখে তাকে তালাক দিয়ে দিলেই তো পারেন!”
বুযুর্গ অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন,
“ভাই! তালাক দেওয়া তো খুব সহজ। চাইলে আজই দিতে পারি। কিন্তু এই মহিলার মধ্যে এমন একটি গুণ আছে, যার কারণে আমি তাকে কখনো ছেড়ে দিতে পারব না।”
লোকটি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল,
“কী সেই গুণ?”
বুযুর্গ বললেন,
“আল্লাহ তা‘আলা তার মধ্যে এমন বিশ্বস্ততা রেখেছেন যে, যদি আমি কোনো কারণে গ্রেপ্তার হয়ে ৫০ বছরও জেলে থাকি, তবুও আমি নিশ্চিত, আমি তাকে যে জায়গায় রেখে যাব, সে সেখানেই থাকবে। অন্য কারও দিকে ফিরেও তাকাবে না। এই বিশ্বস্ততার মূল্য দুনিয়ার কোনো কিছু দিয়ে মাপা যায় না।”
মানুষের শুধু দোষ দেখলে কোনো সম্পর্ক টিকে না। অনেক সময় একটি বড় গুণ বহু ছোটখাটো ত্রুটিকে ঢেকে দেয়। ধৈর্য, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং মানুষের ভালো দিককে মূল্যায়ন করাই সুন্দর সম্পর্কের ভিত্তি।
তথ্যসূত্র: ইরশাদাতে আকাবির