20/06/2026
ব্রাজিলে একটা ছেলে রাস্তায় খেলত মোজার ভেতরে কাপড় গুঁজে বানানো বল দিয়ে।
আসল ফুটবল কেনার টাকা ছিল না পরিবারের কাছে। বাবা নিজেও ফুটবলার ছিলেন, কিন্তু সেই খেলে সংসার চলত না। তাই ছেলেটা স্কুলের ফাঁকে চা বিক্রি করত পরিবারকে একটু সাহায্য করার জন্য। এই ছেলেটার নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো।
দুনিয়া তাকে চেনে অন্য নামে। পেলে।
পরে তিনবার বিশ্বকাপ জিতেছেন। ফুটবলের রাজা হয়েছেন। শুরুটা ছিল মোজার ভেতরে কাপড় গোঁজা একটা বল আর খালি পেটে রাস্তায় খেলা।
এইবার আরেকটা ছেলের কথা বলি। ভিন্ন শহর, ভিন্ন সময়, কিন্তু গল্পটা চেনা চেনা লাগবে।
পোর্তো আলেগ্রি শহরের ভিলা নোভা এলাকায় জন্ম এক ছেলের। পরিবারের অবস্থা ভালো না। বাবা ছিলেন শিপইয়ার্ড শ্রমিক আর পার্ট টাইম ফুটবলার। ছেলেটার বয়স যখন আট, তখন তার বাবা সুইমিং পুলে হার্ট অ্যাটাকে মারা যান। পরিবারের একমাত্র ভরসা চলে যায় একদিনে। মা একসাথে কয়েকটা কাজ করতে শুরু করেন সংসার চালাতে।
আর সেই ছেলেটা বাবার শেখানো একটা কৌশল নিয়ে রাস্তায় খেলত। বাবা একবার তাকে মিথ্যা বলেছিলেন যে খালি পায়ে খেললে বল কন্ট্রোল ভালো হয়। আসলে কারণ ছিল জুতা কেনার টাকা ছিল না। কিন্তু সেই মিথ্যাটাই তৈরি করল ফুটবল ইতিহাসের সবচেয়ে জাদুকরি পায়ের জোড়া।
এই ছেলের নাম রোনাল্দো দে আসিস মোরেইরা। দুনিয়া তাকে চেনে রোনালদিনহো নামে।
দুই হাজার দুই বিশ্বকাপ জিতিয়েছেন ব্রাজিলকে। ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন পরপর দুইবার। তার হাসিমুখ আর জাদুকরি ড্রিবলিং পুরো দুনিয়াকে মুগ্ধ করেছে। অথচ শুরুটা ছিল বাবার মৃত্যুর শোক আর জুতা কেনার টাকা না থাকার বাস্তবতা।
এখন তৃতীয় প্রজন্মের গল্প বলি। আরও কাছের সময়ের।
রিও দে জেনেইরোর পাশের শহর সাও গনসালো। যেই এলাকায় বন্দুকের গুলির শব্দ এতটাই সাধারণ ছিল যে মানুষ ফোনে একটা অ্যাপ ব্যবহার করত যেটা জানাত কোথায় গোলাগুলি হচ্ছে, যাতে সেই রাস্তা এড়িয়ে চলা যায়। দাদির ছোট্ট একটা ঘরে বড় হয়েছে একটা ছেলে। এলাকার মানুষ বলে, এই ছেলে নিজের ঘাম দিয়ে, পরিবারের সাপোর্ট নিয়ে দারিদ্র্য থেকে বের হয়ে এসেছে।
এই ছেলের নাম ভিনিসিয়ুস জুনিয়র। আজকে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকাদের একজন। ষোল বছর বয়সে রিয়াল মাদ্রিদ তাকে সাইন করিয়েছিল, যেই মাঠ থেকে তার যাত্রা শুরু সেখানে এখনও বাচ্চারা তার পোস্টারের নিচে অনুশীলন করে আর স্বপ্ন দেখে, একদিন তারাও পারবে।
তিনটা প্রজন্ম। পেলে ১৯৪০ এর দশকে জন্ম, রোনালদিনহো ১৯৮০ তে, ভিনিসিয়ুস ২০০০ সালে। কিন্তু গল্পটা যেন একই খাতা থেকে কপি করা।
দারিদ্র্য। কঠিন এলাকা। সম্পদের অভাব। আর একটা ফুটবল যেটা ছিল গরীবের কাছে স্বপ্ন দেখার একমাত্র জানালা।
এখন প্রশ্নটা হলো, কেন বারবার এই একই গল্প ব্রাজিলে ঘটে?
এর উত্তরটা একটু গভীরে আছে। ব্রাজিলের ইতিহাসে দাসপ্রথা ছিল পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থায়ী দাসপ্রথাগুলোর একটা। ১৮৮৮ সালে সেই প্রথা আইনত শেষ হয়। কিন্তু আইনে শেষ হওয়া আর বাস্তবে শেষ হওয়া এক জিনিস না। যাদের পূর্বপুরুষ দাস ছিল, তারা মুক্তি পেলেও জমি পায়নি, শিক্ষা পায়নি, সমান সুযোগ পায়নি। তাই তাদের বংশধররা থেকে গেল সমাজের সবচেয়ে নিচের স্তরে, গরিব এলাকায়, ফাভেলায়।
আর ফুটবল হয়ে উঠল সেই দেয়াল ভাঙার একমাত্র রাস্তা।
কারণ মাঠে নামলে কেউ জিজ্ঞেস করে না তোমার পূর্বপুরুষ কে ছিল, তোমার বাবার কত টাকা আছে। মাঠে শুধু একটাই প্রশ্ন থাকে, তুমি বল নিয়ে কী করতে পারো।
পেলে নিজেই একবার বলেছিলেন, মাঠে কেউ ধনী না, কেউ গরিব না। শুধু খেলা।
আর এইজন্যই তিন প্রজন্ম ধরে একই প্যাটার্ন দেখা যায়। গরিব ঘর, কঠিন এলাকা, পারিবারিক ট্র্যাজেডি, আর তার মধ্যেও এক টুকরো বল নিয়ে স্বপ্ন দেখা একটা ছেলে। পেলের কাছে ছিল না আসল বল। রোনালদিনহোর কাছে ছিল না জুতা, ছিল না বাবা। ভিনিসিয়ুসের কাছে ছিল না নিরাপদ রাস্তা।
কিন্তু একটা জিনিস তিনজনের কাছেই ছিল। হাল না ছাড়ার জেদ।
এখন তোমার দিকে তাকাও।
তোমার হয়তো রিসোর্স কম, পরিবারে সাপোর্ট কম, পরিস্থিতি প্রতিকূল। তুমি ভাবছ এই অবস্থা থেকে কিছু হবে না। কিন্তু পেলে মোজার বল দিয়ে শুরু করেছিল। রোনালদিনহো বাবা হারানোর শোক বুকে নিয়ে খালি পায়ে খেলেছে। ভিনিসিয়ুস গুলির শব্দের মধ্যে বড় হয়েছে।
তাদের কাছে যা ছিল না সেটা নিয়ে তারা থামেনি। তাদের কাছে যা ছিল সেটা দিয়েই তারা লড়েছে।
পরিস্থিতি তোমার শুরুর জায়গা ঠিক করে দেয়। কিন্তু তোমার শেষ জায়গা ঠিক করে তোমার পরিশ্রম।
তিন প্রজন্ম, একই দেশ, একই সংগ্রাম, একই ফলাফল। প্রমাণ করে দিয়েছে যে এইটা কোনো একবারের ঘটনা না। এইটা একটা প্যাটার্ন। যে পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে, পরিস্থিতি একসময় তার সামনে মাথা নোয়ায়।
তোমার পরিস্থিতি যাই হোক, তুমিও থামবে কেন?
সংগৃহীত পোস্ট