19/08/2026
সম্পর্কের মানুষটাকে যারা অবহেলা করে, খুব আশ্চর্যজনকভাবেই দেখবেন, তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই! বরং তাদের জীবন খুব স্বাভাবিকভাবেই চলে।
যার উদাসীনতা, অবহেলা আপনাকে দিনের পর দিন মানসিকভাবে একটু একটু করে শেষ করে দিচ্ছে, সেও কি আপনার মতো মানসিক ট্রমায় ভোগে? নিশ্চয়ই না। সম্পর্ক কিংবা সম্পর্কের মানুষটাকে নিয়ে তার কোনো মাথাব্যথা নেই।
একটুখানি কথা বলার জন্য, একটু সঙ্গ পাওয়ার জন্য আপনি যেমন মুখিয়ে থাকেন, কথা না হলে একাকিত্বে ভোগেন, সেই মানুষটা কিন্তু দিব্যি তার সময় কাটাচ্ছে অন্য কিছুতে।
আমি কখনো দেখিনি, সম্পর্কের মানুষটাকে অবহেলা করা মানুষগুলো কখনো ভালো থাকেনি। বরং তারা বিন্দাস ভালো দিন, ভালো সময় উদযাপন করে আসে। আপনার সাথে কথা বলে না বলে এই না যে, সে আপনার মতোই একাকিত্বে পড়ে থাকে। বরং দুনিয়ার সবার জন্য, সবার বেলায় তার সময় ঠিকই থাকে, শুধু আপনাকে সামান্য সময় দেওয়ার কোনো ইচ্ছে তার নেই।
কখনো দেখেছেন? যারা সম্পর্কের প্রতি সিরিয়াস নয়, সেই মানুষগুলোকে কখনো অনুশোচনা কিংবা আফসোস করতে? তারা আফসোস করে না। তারা অবহেলা করেই মূলত রাস্তা সহজে পরিষ্কার করে। মাত্রাতিরিক্ত অবহেলা করে, যাতে আপনি আপনাআপনি সম্পর্ক থেকে সরে দাঁড়ান।
অভিমান করলে অভিমান ভাঙানো তো দূরের কথা, চেষ্টাটুকুও করবে না। আপনার পছন্দ-অপছন্দে কোনো গুরুত্ব দেবে না। আপনার কষ্ট পাওয়া নিয়ে কোনো মাথাব্যথা থাকবে না।
আমি দেখেছি, পৃথিবীতে এমন মাত্রাতিরিক্ত অবহেলা করা, কষ্ট দেওয়া মানুষগুলোই ভালো থাকে। আনন্দে থাকে, আড্ডায় বাঁচে। নিঃসঙ্গতা, একাকিত্বে তো তারাই ভোগে, যারা অবহেলা নয় বরং গুরুত্ব আর যত্ন দিয়ে সম্পর্কটাকে আগলে রাখতে চায়। যারা ঠিক একটা মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায়, একটা মানুষ নিয়েই সন্তুষ্ট থাকতে চায়।
সম্পর্কের মানুষটাকে অবহেলা করা মানুষগুলো কখনোই অনুশোচনা করে না। বরং তারা তাদের ইগো এবং দাম্ভিকতায় সম্পর্কের মানুষটাকে কোণঠাসা করে রাখতে চায়। তারা এমন স্বাধীনভাবে চলতে চায়, যেখানে কোনো জবাবদিহি থাকবে না, কোনো দায়বদ্ধতা থাকবে না। আর তাতে আপনি যতই মানসিকভাবে ভেঙে পড়েন না কেন, তাদের কিছু যায় আসে না!