25/08/2026
#ডিজিটাল যুগেও বিদ্যুৎবিহীন দুই গ্রাম, #সুন্দরগঞ্জের #বেলকা নবাবগঞ্জ ও #কিসামত সদরে চরম দুর্ভোগ
বিশেষ প্রতিনিধি, News Chor Belka,সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া দেশের আনাচে-কানাচে পৌঁছালেও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের দুইটি ওয়ার্ডের হাজার হাজার মানুষের ভাগ্যে এখনো জোটেনি বিদ্যুতের আলো। ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের 'বেলকা নবাবগঞ্জ' এবং ৬ নং ওয়ার্ডের 'কিসামত সদর' গ্রামে আজ পর্যন্ত কোনো বিদ্যুতের সংযোগ পৌঁছায়নি। ফলে আধুনিক যুগের সুবিধা থেকে বঞ্চিত হয়ে ঘোর অন্ধকারে দিন কাটাচ্ছেন এই দুই এলাকার অধিবাসীরা।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, এই দুই ওয়ার্ডের হাজার হাজার মানুষ যুগের পর যুগ ধরে বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছেন। রাতের বেলা মোমবাতি, কুপির আলো কিংবা সোলার প্যানেলের সীমিত আলোর ওপর ভরসা করেই কাটাতে হয় তাদের। এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় শিক্ষার্থী, ব্যবসায়ী ও চরম স্বাস্থ্য ঝুঁকিতে থাকা রোগীদের।
এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য ইতিপূর্বে সুন্দরগঞ্জ বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) স্যারের সাথে সরাসরি যোগাযোগ করা হয়েছিল। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার জোরালো আশ্বাস দিলেও দীর্ঘ এক বছর পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তব পদক্ষেপ বা কাজ শুরু হতে দেখা যায়নি। কর্তৃপক্ষের এমন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগী এলাকাবাসী।
বেলকা নবাবগঞ্জ ও কিসামত সদর গ্রামের বাসিন্দারা জানান, বিদ্যুৎ না থাকায় বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা রাতে ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। তথ্যপ্রযুক্তি ও অনলাইন শিক্ষার যুগে বিদ্যুৎ না থাকায় তারা অন্য এলাকার চেয়ে পিছিয়ে পড়ছে। অন্যদিকে কৃষিকাজে সেচ দিতে গিয়ে কৃষকদের গুনতে হচ্ছে অতিরিক্ত ডিজেলের খরচ।
এ বিষয়ে বেলকা ইউনিয়নের ভুক্তভোগী অধিবাসীরা ডিজিএম স্যারসহ পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দেওয়া আশ্বাস দ্রুত বাস্তবায়নের আকুল আবেদন জানিয়েছেন। তারা অবিলম্বে ৫ ও ৬ নং ওয়ার্ডে বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপন করে হাজার হাজার মানুষের অন্ধকারে মানবেতর জীবনযাত্রার অবসান ঘটানোর জন্য জোর দাবি জানান। রিপোর্টার গাইবান্ধা সুন্দরগঞ্জ News Chor Belka রিপোর্টার মোঃ সাইফুল ইসলাম