29/03/2026
মধ্যবয়সী পুরুষের তারুণ্য ধরে রাখার ১০টি কৌশল
বাদল সৈয়দ
'আমার কথাটি ফুরোলো, নটে গাছটি মুড়োলো।'
চল্লিশে অনেকেই ভাবতে থাকেন তাঁদের জীবনের গল্প শেষের পথে— আর কী লাভ এত কিছু করে?
ভাবনাটি ভুল।
মানুষের গড় আয়ু হিসেবে করলে আপনি অর্ধেক জীবন পার করেছেন মাত্র। এখন গল্প ফুরানোর ভাবনা ভাববেন কেন?
এ ধরনের ভাবনা আপনাকে দ্রুত কুঁজো হয়ে হাঁটা বুড়ো বানিয়ে ফেলবে। চল্লিশকে মনে হবে পঞ্চাশ।
অথচ সামান্য কিছু কাজ আপনার তারুণ্য আটকে রাখতে পারে।
চলুন— আজ সে গল্প করি।
১) উচ্ছল থাকুন। উচ্ছলতা তারুণ্যের সবচেয়ে বড় সিক্রেট।
ভাবছেন, এত সমস্যা— উচ্ছল থাকি কী করে?
একদম ভুল— আপনার টেবিলে যদি তিনবেলা খাবার আসে, রাতে ঘুমানোর জন্য যদি বিছানা থাকে, তবে আপনি দুনিয়ার ৭০% মানুষের চাইতে ভালো আছেন। সন্তুষ্ট থাকুন— খুশি থাকুন। দেখবেন, চল্লিশে নটে গাছ মুরাবে না।
২) বয়সের চিহ্ন কী?
উত্তর হচ্ছে ‘রিংকেল’ (Wrinkle), মানে ত্বক কুঁচকে যাওয়া, ভাঁজ পড়া, ঝুলে যাওয়া।
বাস্তবতা হলো, বয়সের সাথে সাথে এটা হবেই। আপনি রোধ করতে পারবেন না। তবে কমাতে পারবেন, এর গতি ধীর করে দিতে পারবেন।
এর জন্য কী করতে হবে?
ক) মুখে ও শরীরে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। চামড়া যত শুকনা থাকবে, তত বেশি রিংকেল পড়বে। বুড়োভাব বেশি আসবে। তাই ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
খ) রোদে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। নইলে সূর্যের অতি বেগুনি রশ্মি মুখের চামড়া কুঁচকে দেবে।
৩) বয়স কমানোর চেষ্টা মানে কিন্তু রঙচঙে কাপড় পরে তরুণ সাজা নয়। বরং আপনার বয়সের সাথে যায় এমন পোশাক পরুন। টিনএজ সেজে বয়স কমানোর চেষ্টা হাস্যকর— বরং বয়সের সাথে মানানসই পোশাক পরলে অনেক বেশি আকর্ষণীয় লাগে। যাই পরুন— একটু হালকা রঙ বেছে নিন। খুব টাইট বা ঢিলা না, সাইজমতো পোশাক পরুন।
৪) ঘুমের অভাব মানুষকে দ্রুত বুড়িয়ে ফেলে। প্রতিদিন সাত-আট ঘণ্টা ঘুমান।
৫) পর্যাপ্ত পানি পান করুন। শরীর আর্দ্র থাকলে তারুণ্য সজীব থাকে।
খুব অল্প দামে তারুণ্য কেনার অন্যতম উপায় হলো— পানি।
৬) প্রার্থনা মনের চাপ কমায়— শান্তি আনে। শরীর ও মনকে তরতাজা রাখতে ইবাদতের তুলনা হয় না। তাছাড়া, মেডিটেশনও মনে প্রশান্তি আনে এবং শান্ত মন তারুণ্য ধরে রাখে।
৭) পুষ্টিকর খাবার খান। চিনি খাওয়া কমিয়ে দিন। এটি এমন একটি ঘোড়া, যার পিঠে চড়ে অকাল বার্ধক্য ছুটে আসে।
৮) চুল রঙ করতে চাইলে ন্যাচারাল কালার বেছে নিন। বয়সটা চুলের রঙ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার নয়। তবে না করলেও সমস্যা নেই। চল্লিশের পর হালকা নুন-গোলমরিচ রঙের প্রাকৃতিক চুল ভালোই লাগে। (ব্যক্তিগতভাবে আমি চুল রঙ করি না)
৯) নিয়মিত তিন-চার সপ্তাহ পর চুল কাটুন। দাঁড়ি, নাক, কান, ভ্রু এবং নখ নিয়মিত ট্রিম করাটাও কিন্তু চিরযৌবনের অন্যতম রেসিপি।
১০) উপরের কোনো বুদ্ধিই কাজ করবে না, যদি শরীরের যত্ন না নেন। সেক্ষেত্রে ব্যাপারটা হবে— ‘উপরে ফিটফাট— ভেতরে সদরঘাট’। তাই নিয়মিত হাঁটুন কিংবা সাইকেল চালান বা জিমে যান। যেটা ভালো লাগে, তাই করুন— কিন্তু শরীরচর্চা বাদ দেওয়া যাবে না।
আপনি কি জানেন, ১৯৯৯ সালে মহিলাদের ভোটে বিংশ শতাব্দীর সবচেয়ে আকর্ষণীয় পুরুষ কে নির্বাচিত হয়েছিলেন?
অভিনেতা শন কনোরি (Sean Connery)
তখন তাঁর বয়স কত ছিল, জানেন?
৬৯!
এ বয়সে শন কনোরি যদি শতাব্দীর সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হতে পারেন— আপনি চল্লিশে এসে পারবেন না কেন?
আপনাকে বিশ্বজয় করতে বলছি না— নিজের আয়না জয় করুন, তাহলেই হবে।
পাদটীকা: চিরন্তন সত্য হলো, বয়স আপনি আটকাতে পারবেন না— তবে বুড়োটে ভাবকে থমকে দিতে পারেন। এটিও কম পাওনা নয়। পঞ্চাশে যদি মনে হয় আপনার বয়স চল্লিশ— কী চমৎকার হবে তাই, না?
©
~copied
゚ ゚viralシalシ