04/03/2026
রাজারহাটে হাট-বাজার ইজারা কেন্দ্রিক উত্তেজনা, ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ
গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ১৪৩৩ বাংলা সনের হাট-বাজার ইজারা সংক্রান্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম দফায় দরপত্র দাখিল ও বাক্স খোলার তারিখ নির্ধারণ করা হয় ০৩ মার্চ ২০২৬। নির্ধারিত সময়ে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয় এবং বাজার ইজারা প্রদান করা হয়।
ইজারা প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। অভিযোগ উঠেছে, ইজারা প্রাপ্তির পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর মাঝে অর্থ বিতরণ করে। এর অংশ হিসেবে রাজারহাট উপজেলা ছাত্রদল-কে ১২ হাজার টাকা প্রদান করা হয় বলে জানা যায়। পাশাপাশি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদল-এর সভাপতিকে ২ হাজার টাকা দেওয়া হয়।
তবে কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ উক্ত অর্থের পরিমাণে অসন্তোষ প্রকাশ করে আরও বেশি টাকার দাবি জানান বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন—
“কলেজ ছাত্রদলের সাথে বিএনপি সেক্রেটারির কুকুর বিড়ালের মতো আচরণ??? ছাত্রদলের সাথে এমন আচরণ মেনে নেবেন কি?”
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, ওই পোস্টকে কেন্দ্র করে রাজারহাট উপজেলা বিএনপি-এর সদস্য সচিব সাইদুল ইসলাম তার ১৫-২০ জন সমর্থকসহ কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগের ওপর হামলা চালান এবং তাকে মারধর করেন।
মারধরের পর সোহাগ ফেসবুক লাইভে এসে ঘটনার বিবরণ তুলে ধরেন এবং জেলা নেতৃবৃন্দের কাছে এর বিচার দাবি করেন। তিনি দাবি করেন, শুধুমাত্র একটি ফেসবুক পোস্টের জের ধরেই তার ওপর হামলা চালানো হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে রাজারহাটের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে অভিযুক্ত পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।