18/09/2026
নীলফামারীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের নকআউট পর্ব অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধি:
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬’-এর জেলা পর্যায়ের নকআউট পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় নীলফামারী টেনিস কমপ্লেক্স মাঠে এ প্রতিযোগিতার নকআউট পর্বের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপস্থিত থেকে উপভোগ করেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।
অনূর্ধ্ব-২০ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার ছয়টি পুরুষ ও ছয়টি নারী দল অংশগ্রহণ করে। নকআউট পর্বের খেলায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল জেলার বিভিন্ন এলাকার মেধাবী, উদ্যমী ও সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়রা।
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে আয়োজকরা জানান।
নীলফামারী কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়। নির্বাচিত খেলোয়াড়দের যথাযথভাবে নিবন্ধনের পাশাপাশি প্রতিটি ম্যাচ শেষে নির্ধারিত মূল্যায়ন ফরমের মাধ্যমে তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. এ.বি.এম. ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ.কে.এম. ওহিদুন্নবী, জেলার ক্রীড়া কর্মকর্তা, আরআই, পুলিশ লাইন্স নীলফামারী এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
আয়োজকরা বলেন, তরুণদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে মাদক, কিশোর অপরাধ ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।