02/06/2026
প্রবীণ রাজনীতিবিদ ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদকে নিজ জেলা ভোলায় দাফন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে মা-বাবা ও প্রয়াত স্ত্রীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।
সকালে কোড়ালিয়া গ্রামে দাফনের প্রস্তুতি সম্পন্ন হয়। নিজ বাড়ির সামনে কবর খননসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করা হয়। শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ।
পারিবারিক ও দলীয় সূত্র জানায়, ঢাকায় প্রথম জানাজা শেষে দুপুরে হেলিকপ্টারযোগে মরদেহ ভোলায় আনা হয়। পরে ভোলা সরকারি কলেজ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
জানাজাকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা-কর্মী বিক্ষোভ করেন। তবে জেলা বিএনপির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।
পরে বাড়ি সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।