29/05/2026
[একজন আমেরিকান গবেষক ও শিক্ষক তাঁর একটি গবেষণা গ্রন্থে একটি ছোট্ট চ্যাপ্টারে সুন্দরবনের পরিস্থিতি এভাবে বর্ণনা করেছেন। সম্প্রতি বনবিভাগের কর্মকর্তার গুলিতে নিহত গাবুরার আমিনুর এর মৃত্যুর সাথে গবেষণার মিল খুঁজে পাওয়া যাবে। লেখাটি উপকূলের মানুষেরা তাদের বাস্তবতায় খুব ভালভাবে মিলাতে পারবেন। খুব সহজেই বাস্তবতার সাথে এর মিল খুঁজে পাবেন। আমেরিকান গবেষক না বন বিভাগের, না ডাকাতদের, না জেলেদের মানুষ। সম্পূর্ণ নিরপেক্ষ নির্মোহ এই গবেষণার বিষয়টি তাই কেউ চাইলেই উড়িয়ে দিতে পারেন না] -
এটি একটি অধ্যায়ের উপ-শিরোনামঃ
ডাকাতি এবং আইনের চিপায় বন্দি মানুষ
(Wedged People Between Dakati and the Law)
“আপনাকে যেভাবে পারুন টাকা পরিশোধ করতেই হবে। আপনি যদি তাদের [ডাকাত দলগুলোকে] টাকা দিতে না পারেন, তবে তারা আপনাকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগই দেবে না।” আমরা সৈকতে বসে হাসান নামের এক যুবকের সাথে কথা বলছিলাম, যে একটি মাছ ধরার নৌকার খোলে নতুন করে আলকাতরা লাগাচ্ছিল। তিনি বলছিলেন-
"তারা আপনাকে নির্মমভাবে মারধর করবে। তারা আপনাকে চার, পাঁচ, ছয় দিন আটকে রাখবে। যত দিনই লাগুক না কেন। এই সময়ের মধ্যে যদি কোনো কিছু ঘটে, যদি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের কোনো ঝামেলা বাঁধে, তবে আপনি শেষ। সবাই মারা যাবে। ধরুন তারা র্যাবের [র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন] মুখোমুখি হলো। তারা [র্যাব] কীভাবে জানবে যে [ডাকাতদের নৌকায়] কাকে বন্দি/জিম্মি করা হয়েছে আর কাকে করা হয়নি? আমরা জেলে নাকি ডাকাত, তা তারা জানে না। তারা স্রেফ গুলি চালানো শুরু করে। মূলত, জেলেরাই মারা যায়।"
হাসান সংক্ষিপ্ত বিবরণে তাঁর নিজের বন্দি হওয়ার গল্পটি বলতে থাকেন। তিনি আমাদের জানান যে, যখন তিনি আরও তিনজন জেলের সাথে একটি নৌকায় মাছ ধরছিলেন, তখন ডাকাতেরা তাদের পথ আটকায় এবং একটি ছোট খালের ভেতর ঢুকতে বাধ্য করে। সেখানে হাসানকে নৌকা থেকে নামিয়ে ছয় দিন আটকে রাখা হয়। তাঁর অপহরণকারী বা বন্দি-কারীরা পঞ্চাশ হাজার টাকা দাবি করেছিল, কিন্তু তিনি দরকষাকষি করে তা বারো হাজার টাকায় নামিয়ে আনেন। যখন তাঁর পরিবার এই অর্থ জোগাড় করার চেষ্টা করছিল, তখন তিনি ডাকাতদের জন্য রান্না করা, নৌকা বাওয়া—তারা যা দাবি করত, সেই অনুযায়ী কাজ করে দিচ্ছিলেন। তাঁর পরিবার অবশেষে টাকা পাঠানোর পর, তাঁকে অন্য একটি মাছ ধরার নৌকায় তুলে দেওয়া হয়—যেখানকার অন্য একজন জেলেকে ডাকাতেরা মুক্তিপণের জন্য জিম্মি করেছিল এবং হাসানের জায়গায় সেই জেলেকে নিয়ে হাসানকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
ডাকাত দলগুলো প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে। তাদের অবাধে চলাচলের ক্ষমতা এবং জলময় ভূখণ্ডের ওপর অগাধ জ্ঞান তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়মিত মুখোমুখি সংঘর্ষ এড়াতে সাহায্য করে। তা সত্ত্বেও এই ধরনের সংঘর্ষগুলো ঘটে থাকে। উত্তর-ঔপনিবেশিক বাংলাদেশে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজনীতিবিদদের খুব সামান্য বা বড়জোর সাময়িক হস্তক্ষেপের মধ্য দিয়েই এই ডাকাতি ব্যবস্থা টিকে রয়েছে। এটিকে ‘বেআইনি কিন্তু সমাজ-গর্হিত’ (আইনি ও সামাজিকভাবে নিন্দিত কর্মকাণ্ড) এবং ‘বেআইনি কিন্তু সমাজ-স্বীকৃত’ (বেআইনি হলেও সামাজিকভাবে সহ্য করা হয় এমন কর্মকাণ্ড)-র মধ্যকার পার্থক্যের একটি আদর্শ উদাহরণ হিসেবে ভাবা যেতে পারে।৩৬ তবে, সুন্দরবনের জলবায়ুগত নাজুকতা নিয়ে নতুন উদ্বেগের আবির্ভাবের ফলে, ডাকাতদের এখন বনের ভেতরের মানুষ এবং খোদ ম্যানগ্রোভ বন উভয়ের জন্যই একটি মানবসৃষ্ট (anthropogenic) হুমকি হিসেবে দেখা হচ্ছে। অথবা, আরও নিখুঁতভাবে বললে, ম্যানগ্রোভে তাদের এই অবাধ বিচরণ আন্তর্জাতিক সংস্থা এবং এনজিওগুলোর জরুরি এজেন্ডা ও তহবিলের প্রবাহকে চ্যালেঞ্জের মুখে ফেলে। বিগত পাঁচ বছর ধরে, বাংলাদেশি গণমাধ্যমে র্যাব এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে বা এনকাউন্টারে ডাকাতদের মৃত্যুর সংখ্যা গণনা করে নিয়মিত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। প্রায়শই, নিহতদের মরদেহ প্রদর্শনী করা হয়, এই প্রমাণ হিসেবে যে, বাংলাদেশ সরকার বনের ছায়ার নিচে তার আঞ্চলিক ক্ষমতা এবং দখলের ওপর একচেটিয়া আধিপত্য পুনর্প্রতিষ্ঠা করেছে। হাসানের মন্তব্য যেভাবে ইঙ্গিত করে, এই হত্যাকাণ্ডগুলো প্রায়শই নির্বিচার হতে পারে। কারণ, ডাকাতেরা কোনো ইউনিফর্ম পরে না। কে বলবে যে নিহত ব্যক্তিরা অপহরণকারী ছিল নাকি বন্দি?
তা সত্ত্বেও, হাসান যেভাবে বর্ণনা করেন, ম্যানগ্রোভে আইনগত নিয়ন্ত্রণ ও ডাকাতির মধ্যে আরও একটি নিবিড় সম্পর্ক রয়েছে। তিনি আমাদের বলেন:
"আমাদের দুটি সমস্যা। একটি হলো ডাকাত। অন্যটি হলো বন বিভাগ। আমরা যদি জাল দিয়ে মাছ ধরিও [অর্থাৎ, আইনগতভাবে], বন বিভাগের কর্মকর্তারা আমাদের বলেন যে আমরা বিষ দিয়ে মাছ ধরেছি [অর্থাৎ, বেআইনিভাবে]। আমরা তাদের যা বলি তা তারা বিশ্বাস করে না। তারা যা বলে তা-ই ঠিক, আমরা যা বলি তা-ই মিথ্যা। তারা যদি আমাদের জেলখানায় পাঠাতে চায়, তবে পাঠাতে পারে। তাদের ক্ষমতা আছে। তাই আমাদের দুটি ভয়: ডাকাত এবং বন কর্মকর্তা।"
অন্য কথায়, সুন্দরবনের জেলেদের জন্য বন কর্মকর্তাদের হাতে ‘দখল’ বা আটক হওয়াটা ডাকাতদের হাতে বন্দি হওয়ার মতোই সমান বিপর্যয়কর হতে পারে।
হাসানের পর্যবেক্ষণ সমসাময়িক সময়ে ডাকাতি বৃদ্ধির অন্যতম গতিশীলতাকে তুলে ধরে। ২০১১ সাল থেকে বাংলাদেশে ব্যাপকভাবে সহজলভ্য হওয়া ‘বিকাশ’ (bKash)-এর মতো নতুন মোবাইল ব্যাংকিং প্রযুক্তিগুলো অর্থ পরিশোধের এমন একটি মাধ্যম সরবরাহ করেছে, যা ডাকাত দলগুলোর ধরা পড়ার ঝুঁকি নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছে। তারা এখন মুক্তিপণ-বন্দি বিনিময়ের ব্যবস্থা—যে মুহূর্তগুলোতে ডাকাত দলগুলো আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার ক্ষেত্রে দুর্বল বা ঝুঁকিপূর্ণ থাকে—তার ওপর নির্ভর না করে ডিজিটাল অর্থ স্থানান্তর এবং তাদের ভূখণ্ডজুড়ে নৌকাগুলোর অবিরাম চলাচলের ওপর ভরসা করে। এভাবে ঘর্ষণহীন বা মসৃণ মোবাইল প্রযুক্তি অপরাধী নেটওয়ার্কগুলোর ভেতরের ঘর্ষণ বা বাধাও কমিয়ে দিয়েছে, যা তারা কোনো শাস্তি বা জবাবদিহিতার ভয় ছাড়াই (with impunity) ব্যবহার করছে। যদিও এই ধরনের প্রযুক্তিগুলো গতি ও সুবিধার পাশাপাশি নিরাপত্তা এবং স্বচ্ছতা দেওয়ার দাবি করে, জেলেরা সাধারণত সুরক্ষার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হতে অনিচ্ছুক এবং অক্ষম; কারণ তারা বিশ্বাস করে যে এমনটি করলে পুলিশের দ্বারা অতিরিক্ত শোষণের শিকার হওয়ার ঝুঁকি আরও বেড়ে যাবে। এটি সুন্দরবনকে কেন্দ্র করে তৈরি হওয়া নতুন নতুন নীতিমালার প্রাচুর্যের সাথে জড়িত, যা আইনি মাছ ধরার পারমিটের সংখ্যা কমিয়ে দেয় এবং মাছ ধরার পদ্ধতির ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করে—যা মৎস্যজীবীদের জীবিকাকে আরও বেশি অপরাধী সাব্যস্ত (criminalizing) করে এবং জেলেদের কেবল ডাকাতদের দ্বারাই নয়, বরং পুলিশ ও বন কর্মকর্তাদের হাতেও দখলের নতুন ঝুঁকিতে ফেলে দেয়।
সুন্দরবনের জেলেরা দীর্ঘদিন ধরেই বনের আইনের প্রান্তসীমায় কাজ করে আসছেন। তা সত্ত্বেও, এই অঞ্চলের এবং সমগ্র বিশ্বের ভবিষ্যৎ ঐতিহ্য বা হেরিটেজ হিসেবে সুন্দরবনকে রক্ষা করার জন্য নতুন নতুন প্রচেষ্টার আধিপত্য বা প্রাচুর্য, ম্যানগ্রোভ নিয়ন্ত্রণকারীদের কাছ থেকে তাদের সাহায্য চাওয়ার ক্ষমতাকে খর্ব করেছে। একদিকে, এই নতুন নীতিগুলো প্রায়শই জীবনধারণের জন্য জেলেদের আইন ভাঙতে বাধ্য করে। সুন্দরবনে এই নীতিগুলো এবং অবৈধ কর্মকাণ্ডের মধ্যকার সম্পর্ক নিয়ে জেলেরা প্রায়শই বেশ স্পষ্ট বক্তব্য রাখেন। যেমনটা একজন আমাকে বলেছিলেন, “সরকারি মাছ ধরার পারমিট ছাড়া আমরা কী করতে পারি? আমাদের এবং আমাদের পরিবারকে কি না খেয়ে মরতে হবে? আমরা যদি পারমিট না পাই, তবে আমরা অন্য কৌশল ব্যবহার করি।” এই ধরনের কৌশলগুলোর মধ্যে পারমিট ছাড়াই সুন্দরবনে মাছ ধরা থেকে শুরু করে বিষ দিয়ে মাছ ধরা (poison fishing)—যেখানে জেলেরা মাছ ধরার জাল দিয়ে ছোট ছোট খাল আটকে দেয়, সেগুলোতে কীটনাশক ঢেলে দেয় এবং ভাটা নামার সাথে সাথে মাছের মৃতদেহ সংগ্রহ করে—সবকিছুই অন্তর্ভুক্ত। অন্যদিকে, এই নতুন নীতিগুলো আটক হওয়া জেলেদের পক্ষে তাদের নির্দোষিতা প্রমাণ করা কঠিন করে তুলেছে। ধরে নেওয়া হয় যে তারা বন নীতি লঙ্ঘন করার দায়ে দোষী, যা ভুল প্রমাণ করা বেশ কঠিন হতে পারে। এর ফলে নৌকা ও মূল্যবান সম্পদ বাজেয়াপ্ত করা হয়, এবং কারাদণ্ড, ভারী জরিমানা ও ব্ল্যাকলিস্টিংয়ের মতো পরিণতি নেমে আসে, যা ভবিষ্যতে ম্যানগ্রোভে আইনগতভাবে কাজ করার পারমিট পাওয়া অসম্ভব করে তোলে। জেলেরা আরও যুক্তি দেন যে, এটি বন কর্মকর্তাদের হুমকিও বাড়িয়ে দেয়, যারা—অন্তত জেলেদের মতে—ঘুষ দাবি করতে পারে এবং তাদের অন্যান্য ফর্মে চাঁদাবাজির শিকার বানাতে পারে। ফলে, নতুন আইন এবং তা প্রয়োগের ব্যবস্থাগুলো সুন্দরবনের সংলগ্ন বসবাসকারী এবং বেঁচে থাকার জন্য বনের ওপর নির্ভরশীল ব্যক্তি ও সম্প্রদায়গুলোর জন্য অনিশ্চয়তা ও ঝুঁকি (precarity) দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এই ধরনের নীতিগুলো জেলেদের অপরাধী বানিয়ে দিয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সাহায্য চাওয়ার পথ রুদ্ধ করেছে।
জলবায়ু পরিবর্তনের মুখে সুন্দরবন রক্ষার জাতীয় ও আন্তর্জাতিক উদ্বেগের কারণে সৃষ্ট নতুন বন নীতিগুলো জেলেদের ওপর এক সাঁড়াশি বা জাঁতাকলের মতো বাঁধন (viselike grip) শক্ত করেছে বলে মনে হয়, যেখানে জেলেরা একদিকে বন কর্মকর্তা ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যদিকে ডাকাতদের মাঝখানে পিষ্ট হচ্ছে। এই দুই রূপের দখলের মধ্যকার পারস্পরিক সংযোগটি অনেক জেলের কাছেই অত্যন্ত প্রত্যক্ষ। আমি মিয়াকে জিজ্ঞেস করেছিলাম যে তিনি বিশ্বাস করেন কিনা যে বন কর্মকর্তা এবং ডাকাতদের মধ্যে কোনো যোগাযোগ আছে। মুখ লাল করে তিনি আমার দিকে চিৎকার করে উঠলেন, “অবশ্যই। তাদের সাথে এদের ভালো যোগাযোগ আছে। তারা [বন কর্মকর্তারা] গরিব জেলেদের গ্রেফতার করে এবং তাদের মালামাল বাজেয়াপ্ত করে। তারা যদি আমার মতো আরও শক্তিশালী জেলেদের ধরতে চায়, তবে তারা ডাকাতদের ফোন করবে এবং তাদের বলবে আমাকে তুলে নিয়ে যেতে।”
অবসরপ্রাপ্ত ডাকাতেরা বন কর্মকর্তাদের সাথে একটি নিবিড় সম্পর্কের কথা নিশ্চিত করেন; তারা প্রায়শই ভোজের জন্য বা ঝড় থেকে বাঁচতে বন কর্মকর্তাদের আশ্রয়কেন্দ্রগুলো দখল করার কথা বর্ণনা করেন—যদিও তাদের বয়ান অনুযায়ী সাধারণত বন কর্মকর্তারাই তাদের হুকুম খাটত, উল্টোটা নয়। বন কর্মকর্তারা, স্বাভাবিকভাবেই, এই ধরনের যোগসাজশ অস্বীকার করেন। একজন তো আইন-শৃঙ্খলা বাহিনীর এই নমনীয়তা বা শিথিলতার প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে আমাকে বলেছিলেন যে, সব ডাকাতকে স্রেফ গুলি করে মারা উচিত (যা পুলিশিং ইউনিটগুলোর সাথে এনকাউন্টারে প্রায়শই ঘটে থাকে)। ডাকাত এবং বন কর্মকর্তাদের মধ্যে যোগসাজশ থাকুক বা না থাকুক, মিয়ার মন্তব্য জেলেদের জীবনের একটি কেন্দ্রীয় সত্যকে তুলে ধরে: আইন এবং ডাকাতির মধ্যকার পার্থক্যটি অত্যন্ত অস্পষ্ট, এবং এই পথ ধরে চলা মানেই হলো দখলের চরম ঝুঁকিতে থাকা।
(অনুবাদক- নূরুর রহমান বাচ্চু)