31/08/2026
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিলেটের দক্ষিণ সুরমা থানার ৭ নম্বর জালালপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ও কমিউনিটি নেতা শাহজাহান মিয়ার উদ্যোগে ৫ নম্বর ওয়ার্ডের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান—হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়, হযরত শাহপরাণ মডেল একাডেমি ও দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়।
গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে 'ধানের শীষ' প্রতীকের প্রার্থী এম এ মালেকের একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী ও বিএনপি নেতা শাহজাহান মিয়ার বাড়িতে। ঐ সভায় শাহজাহান মিয়া তাঁর বক্তব্যে বলেছিলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী জালালপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের দাউদপুর গ্রাম থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হবে। পরবর্তীতে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি গত পবিত্র মাহে রমজান মাসে এক ইফতার পার্টির আয়োজন করেছিলেন, এই আয়োজনে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বৃক্ষরোপনের কার্যক্রম শুরু করেছিলেন। পরবর্তীতে গতকাল জালালপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে রাজশাহী থেকে আনা হাইব্রিড সাড়ে ৭শ আমের চারা তুলে দেন অতিথিরা।