19/06/2026
আল্লাহর দীনের দাওয়াতে শাহজালাল মুজাররাদে ইয়ামনী রহ. নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। বাংলাদেশে ইসলাম প্রচারে তাঁর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দীনের খিদমতে তাঁর এই শিক্ষা গ্রহণ করা জরুরি। যিয়ারতে গিয়ে "দা'য়ী ইলাল্লাহ" হিসেবে তাঁর ভূমিকা প্রসঙ্গে একটু ধ্যান করার চেষ্টা করুন, তাঁর ত্যাগ সম্পর্কে ভাবুন। তাঁর অনুসরণে দীনের দাওয়াতে আত্মনিয়োগ করুন।
আল্লাহর ওলীগণ টাকার জন্য দীনের দাওয়াতি কাজ করেননি। তাঁরা আল্লাহর যমীনে আল্লাহর দীনের কাজ করেছেন একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য।
কিন্তু মাজারের আশেপাশের কতিপয় মানুষ দানবাক্স ও ডেগ বসিয়ে টাকা তুলছে। আর মানুষ সেখানে টাকা ঢালছে ভুল বিশ্বাস ও অন্ধ আবেগে। একটু চিন্তা করুন। মাজারে কেন টাকা দিচ্ছেন? কাকে দিচ্ছেন? আল্লাহর ওলীগণ তো ফকীর-মিসকীন নয়, তাহলে তাদের মাজারে টাকা দিচ্ছেন কেন? দান-খয়রাত ও মানতের এই টাকাগুলো চলে যায় কোটিপতিদের পকেটে। শতাধিক বড় লোক এখান থেকে পর্যায়ক্রমে টাকার ভাগ নেয়। অনেকে বিষয়টা জানেন, তবুও মাজারে টাকা দেন। কোটিপতিদের পকেটে আরো বেশি খয়রাতি টাকা দিয়ে তারা ইসলামের কোন খিদমতটা করছেন, তা একদিন জবাবদিহি করতে হবে; সেই দিন কিন্তু চাইলেও ফিরে এসে তাওবা করার সুযোগ থাকবে না।
আল্লাহ তাআলা আমাদের ঈমান ও আমল হেফাজত করুন। আমীন।