29/08/2026
তাজপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় তাজপুর ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর জাহেদ আহমদ-এর সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আলিম রাজ-এর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জননেতা জয়নাল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, রাসুলুল্লাহ (সা.) শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না; তিনি ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক, আদর্শ রাষ্ট্রনায়ক ও ন্যায়বিচারের অনন্য দৃষ্টান্ত। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করেই ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি বলেন, মহানবী (সা.) মদিনায় এমন একটি সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হয়েছিল। তাঁর রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি ছিল আল্লাহর প্রতি আনুগত্য, ন্যায়বিচার, আমানতদারি, পরামর্শ ও মানুষের কল্যাণ। তাই রাসুল (সা.)-এর সীরাতকে শুধু আলোচনা ও আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে নৈতিক অবক্ষয়, অন্যায়-অবিচার ও অস্থিরতা দূর করতে হলে তরুণ প্রজন্মকে রাসুল (সা.)-এর আদর্শে গড়ে তুলতে হবে। ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও তাঁর দেখানো ন্যায় ও কল্যাণের পথ অনুসরণ করতে হবে।
মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, এসিস্ট্যান্ট সেক্রেটারি সাফির আহমদ, সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান এবং তাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জালাল আহমদ প্রমুখ।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম, চরিত্র ও মানবতার জন্য তাঁর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।