01/07/2026
বাঘার দুই কন্যার বিসিএস সাফল্য: সাদিয়া আফরিন তথ্য ক্যাডারে, রুমা সুলতানা স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার দুই মেধাবী কন্যা ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় সফলতা অর্জন করে এলাকার মুখ উজ্জ্বল করেছেন। উপজেলার নতুনপাড়া গ্রামের সাদিয়া আফরিন তথ্য ক্যাডারে এবং ছাতারী গ্রামের রুমা সুলতানা (মিম) স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের এ অর্জনে পরিবার, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি প্রকাশিত ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে সাদিয়া আফরিন তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। তিনি বাঘা উপজেলার নতুনপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা গিয়াস উদ্দিন আহমেদ সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং মা হাসিনা আহমেদ।
মধ্যবিত্ত পরিবারের সীমিত সামর্থ্যের মধ্যেও কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে সাদিয়া তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেছেন। তিনি ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বাঘা উপজেলার মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি ছিলেন মেধাবী ও পরিশ্রমী। দীর্ঘ প্রস্তুতির পর দেশের অন্যতম প্রতিযোগিতামূলক সরকারি নিয়োগ পরীক্ষায় সফল হয়ে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
সাদিয়ার এ সাফল্যে মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ আনন্দ প্রকাশ করেছে। কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেছেন।
সাদিয়ার বাবা গিয়াস উদ্দিন আহমেদ বলেন, “আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সাদিয়া ছোটবেলা থেকেই পরিশ্রমী ও লক্ষ্যনিষ্ঠ ছিল। আমরা তাকে সততা, নিষ্ঠা ও মানুষের সেবার শিক্ষা দিয়েছি। তার এই অর্জন শুধু আমাদের পরিবারের নয়, পুরো এলাকার গর্ব।”
অন্যদিকে, বাঘা উপজেলার ছাতারী গ্রামের রুমা সুলতানা (মিম) ৪৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি মেধাক্রমে ২৩তম স্থান অর্জন করেছেন।
রুমা সুলতানা ছাতারী গ্রামের মোয়াজ্জেম হোসেন ও রাশিদা বেগম দম্পতির কন্যা। তিনি ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজ থেকে ২০১৪ সালে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ এবং রাজশাহী শিক্ষা বোর্ডের বৃত্তি অর্জন করেন। পরবর্তীতে রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসিতেও গোল্ডেন জিপিএ-৫ লাভ করেন।
এরপর তিনি ঢাকার আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে ৪৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে সুপারিশপ্রাপ্ত হয়ে তিনি বাঘা উপজেলার জন্য গৌরব বয়ে এনেছেন।
স্থানীয়রা জানান, সাদিয়া আফরিন ও রুমা সুলতানার সাফল্য প্রমাণ করে—সঠিক লক্ষ্য, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম থাকলে যেকোনো প্রতিকূলতা পেরিয়ে সফলতা অর্জন করা সম্ভব। তাদের এই অর্জন বাঘার নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বাঘার দুই মেধাবী কন্যার এই সাফল্যে পরিবার, শিক্ষক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী গর্বিত এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।