Nu-gair

Nu-gair ✍️লেখালেখি। 🎤আবৃত্তি। 🎬ভিডিও।

🎯 “মনের কথা কণ্ঠে-কলমে..."

প্রিয় আমি,কেমন আছো?অনেকদিন তোমাকে এই প্রশ্নটা করা হয়নি। সবাইকে নিয়ে ভাবতে ভাবতে, সবার কথা শুনতে শুনতে, সবার মন ভালো রাখা...
01/09/2026

প্রিয় আমি,

কেমন আছো?
অনেকদিন তোমাকে এই প্রশ্নটা করা হয়নি। সবাইকে নিয়ে ভাবতে ভাবতে, সবার কথা শুনতে শুনতে, সবার মন ভালো রাখার চেষ্টা করতে করতে কখন যে নিজের মনের কথাগুলোই ভুলে গেছো তা হয়তো খেয়াল করনি।
তুমি জানো, তুই সবসময় শক্ত ছিলে না। অনেক রাত তোমার মন খারাপ ছিল, অনেক কথা কাউকে বলতে পারোনি, অনেকবার চুপ করে গেছো শুধু এই ভেবে—“থাক, কাউকে বিরক্ত করে লাভ কী!”
কিন্তু আজ তোমাকে একটা কথা বলতে চাই-
তোমার মন খারাপ করার অধিকার আছে। ক্লান্ত হওয়ার অধিকার আছে। একটু থেমে যাওয়ার অধিকারও আছে।
সবকিছু একসাথে ঠিক করে ফেলতে হবে না তোমাকে।
জীবনটা যেমন ভেবেছিলে, তেমনভাবে এগোয়নি—তাতে তুমি ব্যর্থ হয়ে যাওনি। কিছু মানুষ চলে গেছে, কিছু স্বপ্ন পিছিয়ে গেছে, কিছু ইচ্ছে অপূর্ণ রয়ে গেছে—তবুও তুমি এখনো আছো। আর সেটাই অনেক বড় কথা।

নিজেকে আর এত কঠিনভাবে বিচার কর না।
যে ভুলগুলো হয়েছে, সেগুলোর জন্য নিজেকে সারাজীবন শাস্তি দিতে হবে না। তুমি তখন যতটুকু বুঝেছিলে, যতটুকু পেরেছিলে, ততটুকুই করেছিলে। এখন যদি আরও ভালোভাবে বুঝতে পারো, তাহলে সেটাই তোমার বেঁচে থাকার অনুপ্রেরণা।

আর একটা কথা—
নিজেকে ভালোবাসার জন্য অন্য কারও ভালোবাসা পাওয়ার অপেক্ষা কখনো করো না।
নিজের জন্য একটু সাজবে।
পছন্দের একটা পোশাক পরবে।
আকাশের নিচে কিছুক্ষণ বসবে।
মন চাইলে এক কাপ কফি খাবে।
কোনো কারণ ছাড়াই হাসবে।
আর মাঝে মাঝে আয়নায় তাকিয়ে বলবে—
“আমি নিখুঁত নই, কিন্তু আমি যথেষ্ট।
আমি হারিয়ে যাইনি, শুধু একটু ক্লান্ত।
আমি আবার নিজেকে খুঁজে নেব।”
হয়তো সব দিন সুন্দর হবে না। কিছু দিন আবার কঠিনও হবে। কিন্তু মনে রেখো, একটা খারাপ দিন মানেই খারাপ জীবন নয়।
তোমার সামনে এখনো অনেক সকাল আছে।
অনেক বৃষ্টি আছে।
অনেক প্রিয় গান আছে।
অনেক অপ্রত্যাশিত আনন্দ আছে।
অনেক ছোট ছোট মুহূর্ত আছে, যেগুলো এখনো তোমার জীবনে আসেইনি।
তাই নিজের হাতটা নিজেই ধরে রেখো।
সবাই যদি কোনোদিন বুঝতে না-ও পারে, তুমি যেন অন্তত নিজেকে বুঝতে চেষ্টা করবে।
আর যখন খুব ক্লান্ত লাগবে, তখন নিজেকে বলবে—
“চলো, আজ একটু বিশ্রাম নিই।
কাল আবার চেষ্টা করব।”
ভালো থেকো প্রিয় আমি।
নিজের প্রতি একটু নরম হইয়ো।
নিজেকে একটু সময় দিও।
আর কখনো ভুলে যেও না—
তুমি শুধু বেঁচে থাকার জন্য জন্মাওনি,
তুমি একদিন মন ভরে বাঁচার জন্যও জন্মেছো।

ভালোবাসা রইল,
তোমারই চিরচেনা—
তুমি। 💙
আজ চিঠি দিবস, তাই নিজেই নিজেকে একটা চিঠি দিলাম!

✍️: নুগাইর
[এক নয় দুই হাজার ছাব্বিশ]

09/08/2026

তোমাকে ভালোবেসে দূরত্ব শিখেছি। এমন এক দূরত্ব, যেটা কিলোমিটারে মাপা যায় না, সময় দিয়েও হিসেব করা যায় না। একই আকাশের নিচে থেকেও মানুষ কতটা দূরে থাকতে পারে, সেটা তোমাকে ভালোবেসেই জেনেছি। একসময় যে পথগুলো তোমার কাছে নিয়ে যাবে ভেবে হেঁটেছিলাম, আজ সেই পথগুলোই আমাকে তোমার থেকে আরও দূরে নিয়ে যায়। কাছে আসার প্রতিটি ইচ্ছে শেষ পর্যন্ত দূরত্বের দেয়ালে আটকে গেছে। তবুও সেই দেয়াল ভাঙার চেষ্টা করেছি বারবার, কারণ ভালোবাসা মানুষকে সহজে হাল ছাড়তে শেখায় না।

তোমাকে ভালোবেসে শিখেছি দুঃখ। এমন দুঃখ, যার কোনো ভাষা নেই, কোনো শব্দ নেই, কোনো প্রকাশ নেই। দিনের শেষে যখন চারপাশের পৃথিবী নিশ্চুপ হয়ে যায়, তখন সেই দুঃখ নিঃশব্দে এসে পাশে বসে থাকে। বুঝেছি, কিছু কান্না চোখ দিয়ে ঝরে না, বুকের ভেতর জমে জমে পাথর হয়ে যায়। কিছু দীর্ঘশ্বাস এতটাই নীরব হয় যে, পৃথিবীর কেউ তার শব্দ শুনতে পায় না। অথচ সেই নীরব দীর্ঘশ্বাসই একজন মানুষকে প্রতিদিন একটু একটু করে বদলে দেয়।

তোমাকে ভালোবেসে যত্নের বদলে অবহেলা শিখেছি। একসময় ভাবতাম, ভালোবাসা মানেই একে অপরের খোঁজ রাখা, একে অপরের ক্লান্তি বুঝে নেওয়া, একে অপরের নীরবতার ভাষা পড়ে ফেলা। কিন্তু তোমাকে ভালোবেসে দেখলাম, সব ভালোবাসার বিনিময়ে যত্ন মেলে না। কখনো কখনো মানুষ তার সমস্ত আন্তরিকতা উজাড় করে দিয়েও ফিরে পায় কেবল অবহেলা। অপেক্ষা পায়, কিন্তু আগমন পায় না। ডাক পায় না, খবর পায় না, তবুও অপেক্ষা করতে থাকে। সেই অপেক্ষাই একসময় অভ্যাস হয়ে যায়।

তোমাকে ভালোবেসে শিখেছি কাছে পাওয়ার বদলে দূরে সরে যাওয়া। যতবার ভেবেছি তোমার পাশে দাঁড়াবো, ততবার নিয়তি আমাকে আরও কয়েক কদম পিছিয়ে দিয়েছে। যতবার ভেবেছি হাতটা ধরে রাখবো, ততবার সময় তোমার হাতটাকে আমার হাত থেকে আলতো করে সরিয়ে নিয়েছে। বুঝেছি, সব মানুষকে নিজের করে পাওয়া যায় না। কিছু মানুষকে শুধু দূর থেকে ভালোবাসতে হয়, কোনো দাবি ছাড়া, কোনো অধিকার ছাড়া, কোনো প্রত্যাশা ছাড়া।

তোমাকে ভালোবেসে শিখেছি নীরব থাকতে। আগে কষ্ট হলে বলতে ইচ্ছে করত, এখন আর বলি না। আগে অভিমান জমলে প্রকাশ করতে চাইতাম, এখন অভিমানগুলো নিজের ভেতরেই কবর দিয়ে রাখি। কারণ বুঝেছি, সব কথা সবার জন্য নয়। কিছু অনুভূতি নিজের বুকের ভেতরেই সবচেয়ে নিরাপদ থাকে।

তোমাকে ভালোবেসে শিখেছি হারিয়ে ফেলতে। শুধু একজন মানুষকে নয়, নিজের অনেক স্বপ্নকে, অনেক বিশ্বাসকে, অনেক সরলতাকে। যে মানুষটা একসময় সহজেই সবাইকে বিশ্বাস করত, সে আজ প্রতিটি সম্পর্কের আগে একটু থেমে যায়। যে মানুষটা বিনা দ্বিধায় নিজের হৃদয় খুলে দিত, সে আজ নিজের অনুভূতির চারপাশে অদৃশ্য এক দেয়াল তুলে দিয়েছে।

তোমাকে ভালোবেসে শিখেছি, পৃথিবীর সবচেয়ে ভারী বোঝার নাম অপূর্ণতা। সব গল্পের সমাপ্তি মিলনে হয় না। কিছু গল্প অসমাপ্ত থাকেই, আর সেই অসমাপ্ততাই সারাজীবন মানুষের ভেতরে নিঃশব্দে বেঁচে থাকে। মানুষ এগিয়ে যায়, সময় বদলে যায়, ঋতু বদলে যায়, কিন্তু কিছু অনুভূতি কখনো পুরোনো হয় না।

আজ আর কোনো অভিযোগ নেই। কোনো প্রশ্নও নেই। শুধু একটা উপলব্ধি আছে। তুমি আমার জীবনে এসেছিলে হয়তো থেকে যাওয়ার জন্য নয়, আমাকে বদলে দেওয়ার জন্য। তুমি আমাকে শিখিয়ে গেছো দূরত্ব, দুঃখ, অবহেলা, অপেক্ষা, অপূর্ণতা আর নীরবতার ভাষা। আর সেই ভাষাগুলোই আজ আমার জীবনের সবচেয়ে দীর্ঘ অধ্যায়। হয়তো একদিন তোমার স্মৃতিও ফিকে হয়ে যাবে, কিন্তু তোমাকে ভালোবেসে শেখা এই শিক্ষাগুলো কোনোদিন মুছে যাবে না। যতদিন বেঁচে থাকবো, ততদিন আমার ভেতরের এক নীরব মানুষ বারবার বলবে, তোমাকে ভালোবেসেই আমি সবচেয়ে বেশি জীবনকে চিনেছি।😌

~ আরিফ খন্দকার

31/07/2026

আমি আমার সর্বোচ্চ চেষ্টার পরও অনেক কিছু হারিয়েছি।
তাই এখন আর কিছু পাওয়ার জন্য ছুটে যাই না, কাউকে জোর করে নিজের কাছে রাখতেও চাই না।
যা থাকার, তা থাকবেই। আর যা চলে যাওয়ার, তা ধরে রাখার ক্ষমতা কখনোই আমার হবেনা।

26/07/2026

শখের মানুষ জীবনে সাময়িক ভালো লাগা এনে দিতে পারে, কিন্তু সেই অনুভূতি সবসময় স্থায়ী হয় না। সময়ের সঙ্গে শখ বদলে যায়, পছন্দ বদলে যায়, মানুষও বদলে যায়। কিন্তু সুখের মানুষ ভিন্ন। তার উপস্থিতি শুধু হাসির কারণ হয় না, বরং মানসিক শান্তিরও আশ্রয় হয়ে ওঠে।
সত্যিকারের সম্পর্কের সৌন্দর্য বাহ্যিক আকর্ষণে নয়, বরং নিরাপত্তা, সম্মান, বোঝাপড়া আর প্রশান্তিতে। যে মানুষটির কাছে নিজের দুর্বলতাও নির্ভয়ে প্রকাশ করা যায়, যে আপনার কঠিন সময়েও পাশে থাকে, যে আপনাকে বদলে দিতে নয়, বরং বুঝতে চায়-সেই মানুষই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।

তাই জীবনে শখের মানুষ নয়, সুখের মানুষকে খুঁজুন। কারণ সাময়িক ভালো লাগা মুহূর্তকে সুন্দর করে, কিন্তু মানসিক শান্তি পুরো জীবনকে সুন্দর করে তোলে। একজন সঠিক মানুষ আপনার জীবনে শুধু ভালোবাসাই যোগ করে না, বরং অস্থিরতার মাঝেও প্রশান্তির ঠিকানা হয়ে দাঁড়ায়।

05/07/2026

সস্তা সঙ্গ পাওয়ার চেয়ে একা থাকা অনেক বেশি সম্মানের। নিজের স্ট্যান্ডার্ড ধরে রাখুন, সঠিক মানুষটি ঠিক সময়েই আপনার জীবনে আসবে। মানছি আপনি নিজেকে খুব একা বোধ করছেন, আপনারও হয়তো কারো ভালোবাসার খুব প্রয়োজন, কারো একটু যত্ন আর একটু সঙ্গ পাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। কিন্তু একটা কথা ভেবে দেখুন তো-তীব্র তৃষ্ণা পেয়েছে বলে কি আপনি নর্দমার ময়লা পানি খাবেন? কিংবা খুব ক্ষুধা লেগেছে বলেই কি আপনি যা খুশি তাই মুখে তুলে নেবেন? কখনোই না। তাহলে স্রেফ একাকীত্ব কাটানোর জন্য কেন যেকোনো কাউকে নিজের জীবনে জায়গা দিয়ে নিজেকে সস্তা করবেন? মনে রাখবেন, আমরা মানুষ এবং আমাদের সবসময় সেরাটাই প্রাপ্য।

ভুল কোনো মানুষের সাথে জড়িয়ে নিজের জীবন আর মানসিক শান্তি নষ্ট করার চেয়ে একাকীত্ব অনেক বেশি ভালো। নিজের স্ট্যান্ডার্ড কখনো নিচে নামাবেন না; একা থাকা অনেক সম্মানের, তবু ভুল মানুষের সঙ্গ নয়।

28/06/2026

মানুষের 'বদদোয়া' কোনো জাদুমন্ত্র নয়, এটা হলো মজলুমের আ’ত্মার আর্তনাদ। যখন কেউ নিরুপায় হয়ে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, তখন সেই দীর্ঘশ্বাস আপনার সাজানো গোছানো সুখী জীবনের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি হয়তো বুঝতেও পারবেন না, কেন আপনার এত প্রাচুর্যের মাঝেও শান্তি নেই, কেন আপনার আপন মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাচ্ছে কিংবা কেন আপনার মনে সারাক্ষণ এক অস্থিরতা বিরাজ করছে।

আসলে জীবনের শান্তি কোনো দামী আসবাব বা ব্যাংক ব্যালেন্সে থাকে না, শান্তি থাকে মানুষের দোয়ায় আর পবিত্র মনে। কাউকে ঠকিয়ে পাওয়া সুখের চেয়ে, কারো মুখে হাসি ফুটিয়ে পাওয়া তৃপ্তি অনেক বড়। তাই কারো দীর্ঘশ্বাসের কারণ না হয়ে, কারো আশ্রয়ের কারণ হোন। কারণ মানুষ বেঁচে থাকে সামান্য কটা দিন, কিন্তু তার কর্মের রেশ থেকে যায় অনন্তকাল।🩶

©

21/06/2026

যাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলেন, সেই মানুষটি যখন অপ্রত্যাশিত আ'ঘা'ত দেয়, তখন চিৎকার না করে স্রেফ একটা মুচকি হাসি দিন। সেই হাসির আড়ালে থাকুক এক আকাশ ঘৃ'ণা আর অবজ্ঞা। শান্ত গলায় নিজেকে বলুন-সবাই ধোয়া তুলসী পাতা নয়, আর আপনিও সবার প্রিয় হতে পৃথিবীতে আসেননি।

একবার ঠকে যাওয়ার পর নিজেকে পাথরের মতো শক্ত করে নেওয়া জরুরি, যাতে এই নি'ষ্ঠুর পৃথিবী আপনাকে বারবার ভাঙতে না পারে। প্রস্থানটা এমন আভিজাত্যের সাথে হওয়া উচিত যেন প্রতারক আপনার চোখের পানি দেখার সুযোগ না পায়, বরং আপনার রহস্যময় হাসির মানে খুঁজতে গিয়েই তার রাতের ঘুম হারাম হয়ে যায়। প্রস্থান মানে কেবল চলে যাওয়া নয়, এটি নিজেকে নতুন করে চিনে নেওয়ার এক রাজকীয় ঘোষণা।🩶
©

08/06/2026

ভালোবাসা দিয়ে তাকেই ঠিক করা যায় । যে মানুষটা তোমাকে ভালোবাসে।কিন্তু যে মানুষটা তোমাকেই ভালোবাসে নাহ্ সেই মানুষকে ভালোবাসা দাও আর জীবন দিয়ে দাও, সে কখনোই ঠিক হবে নাহ বা তোমাকে বুঝবেও না।

26/05/2026

যেদিন আমি টের পাইলাম, আমার বুকে সমুদ্র সমান আফসোস। যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাবো, নিঃশেষ হয়ে যাবো।
ঠিক সেদিন থেকে আমি না পাওয়ার সমস্ত আফসোসেকে উড়িয়ে দিলাম। আমি ভেবে নিলাম, যা কিছু আমার হয় নাই, তা কখনোই আমার হওয়ার ছিলোনা।
যা কিছু আমি পাই নাই, তা পাইলে বরং আরো কষ্ট হইতো।
এইটারে মিথ্যা সান্ত্বনা বলাই যায়, কিন্তু যে মিথ্যা আমারে ভালো থাকতে দেয়, সে মিথ্যারে আমি চোখ বুঝে ভালোবাসি!!

13/04/2026

মানসিক শান্তির চেয়ে দামী কিছু নেই। টাকা বা সাফল্য সবই অর্থহীন, যদি মন শান্ত না থাকে। তাই যে মানুষ, সম্পর্ক বা পরিবেশ আপনার ভেতরের শান্তি কেড়ে নেয়, সেখান থেকে সরে আসুন। একা থাকা ভালো, অশান্তিতে থাকা নয়। মনে রাখবেন, দুনিয়া কী বলল তা নয় আপনার মন শান্ত আছে কিনা, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।🩶
©

Address

Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nu-gair posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share