08/05/2026
বাংলাদেশীরা একটা দিক দিয়ে ভাগ্যবান।
সরকার - চোর হোক, দুর্নীতিবাজ হোক, সামরিক হোক কিংবা ফ্যাসিস্ট হোক- সবসময়ই ১০০% খাঁটি দেশীয় হয়।
কোন 'ফ্র্যাঞ্চাইজি' দলের এদেশে সরকার গঠনের সুযোগ নাই।
স্বাধীনতার এটাই আনন্দ।
একবার কথা হচ্ছিল ওপার বাংলার এক বন্ধুর সাথে।
কথায় কথায় তিনি বলছিলেন, দাদা, এই যে ৪৭ এ ধর্মের ভিত্তিতে যে দেশভাগ হয়েছিল, এটা কি উচিৎ হয়েছিল ? আপনার কী মনে হয়?
আমি বললাম, না, মোটেও উচিৎ হয় নাই। এটা যে একটা ভুল ছিল একাত্তরেই তা প্রমাণ হয়েছে। আমরা পরে পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছি। ধর্ম আমাদের একসঙ্গে রাখতে পারে নাই।
আমার কথা শুনে দাদার উৎসাহ বেশ বেড়ে গেল।
তিনি বললেন, হ্যাঁ, দেখুন না, এই দেশবিভাগের ক্ষত আজো কেমন দুই বাংলা বয়ে বেড়াচ্ছে। তার চেয়ে কত ভালো হতো যদি আজো আমরা এক বাংলা হিসেবে থাকতাম। না থাকতো কোনো বর্ডার, না থাকতো কোনো পাসপোর্ট- ভিসার জটিলতা। আমাদের শিল্প -সংস্কৃতির মেল বন্ধন হতো কলকাতা ও ঢাকা।
আমিও উৎসাহ নিয়ে বললাম, খুবই ভালো হতো। কিন্তু তখন দেশের রাজধানী কোনটা হতো দাদা?
তিনি বললেন, কেন রাজধানী দিল্লীই থাকতো।
আমি বললাম, তাহলে দাদা, স্যরি। মানবেন ৪৭ এর দেশ-ভাগ আখেরে আমাদের ভালোই করেছে। এভাবে ভাগ হয়েছিলো বলেই না আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। তখন এই ভাগাভাগিটা না হলে আমরা কি সেটা পেতাম?
নাহ, মানে ....
রাখুন তো দাদা, তার চেয়ে বলুন এবার ইলিশ কেমন পেলেন আপনারা? .....
যেহেতু আলোচনা আর টেনে নেবার দরকার নেই আমি প্রসঙ্গটা ঘুরিয়ে দিলাম।
প্রায়ই আমরা দুই বাংলার লোকেরাই বলে থাকি, ইস ! দেশটা যদি ভাগ না হতো, তবে কতই না ভালো হতো।
কিন্তু ভাগ না হলে দেশটা কেমন হতো সেটা কিন্তু আমরা দুই বাংলার লোক দুভাবে ভেবে থাকি।
আমরা ভাবি স্বাধীন বাংলা, তারা ভাবে অঙ্গরাজ্য বাংলা।
তারা সবসময়ই - আগে ভারতীয়, পরে বাঙালী।
আমরা কিন্তু তাদের মত - আগে পাকিস্তানী, পরে বাঙালি ছিলাম না। যদি হতাম, তাহলে কিন্তু আর বাংলাদেশের জন্ম হতো না।
দেশভাগ নিয়ে বাঙালী দাদাদের হা-হুতাশটা আসলে এপার বাংলার উপর দাদাগিরি হারানোর হা-হুতাশ ছাড়া আর কিছু নয়।
#1947