25/09/2026
তোর আর আমার মাঝের দূরত্বটা যে একটা যুদ্ধ সমান দূরত্বে এসে দাঁড়াবে কখনো ভাবতেও পারিনি। আমি বুঝে ওঠার আগেই যখন তুই ঠিক করলি এটাই আমাদের শেষ দেখা, আমি তখনো তোর হাতের মুঠোয় নিজের হাতের আঙুলের জন্য জায়গা করে নিতে ব্যস্ত। টুঁ শব্দ না করেও রাজ্যের কথোপকথনে দু'জনের আঙুলে ফোস্কা পড়ার জো। আমি তখনও ভাবছি, 'বললেই হয় নাকি?' 'মানুষ যে প্রতিশ্রুতি দেয়ই ভঙ্গ করার জন্য', তখনও যে আমার সে শিক্ষা হওয়া বাকি! একই অনুভূতির জের ধরে যেখানে আমি তোকে আঁকড়ে নিজেকে সামলানোর উপায় খুঁজছি, তোর জন্য তখন আমিই সবচে বড় আপদ, কাটাতে পারলেই বাঁচিস। অনেক কষ্ট করে নিজেকে একটু গুছিয়ে নেয়ার প্রয়াসে জল ঢেলে দিব্যি নিজেকে গুটিয়ে নিলি!
সেদিন তুই কতই না যত্ন করে আমায় মাঝ পথে রেখে নিজের পথ খুঁজলি, আমায় কিছু ঠাওর করে উঠলে পর্যন্ত দিবি না! প্রথম বারের মতো আমার প্যানিক অ্যাটাকের তিক্ত অনুভূতি। কখনো ভাবিনি এসব নিয়ে লিখবো। দোষারোপের জায়গাটা শুধু নিজের ওপরই রেখেছি, আমার সকল ব্যর্থতা আর মনের পঙ্গুত্বের দায় একান্তই আমার। কেবল আক্ষেপে জড়িয়ে থাকা একটা মানুষের জন্য কিছু লিখলাম। অভিমান আসে না এখন আর, বছর দুয়েক আগের ক্ষত এখন আর কতটুকুই বা কষ্ট দেবে? তবু মাঝেমধ্যে সময়ের হিসেব ছাড়াই হুটহাট ঘাবড়ে যাই, হঠাৎই মনে পড়ে, ' এমনটা তো না হলেও পারতো!' আমার জন্য আমাদের বন্ধুত্ব অমূল্য ছিল, তোর 'Love' এর লোভে আমার যে অনেক বড় লস হয়ে গেল!
~তোর ৭ দিনের ভুল।
To: Someone from Maulana Bhashani Hall