12/08/2026
"কার্ব ভয়ংকর, বেশি বেশি প্রোটিন খান, প্রাণীজ প্রোটিন, ভাত-রুটি বাদ দিন, ঘি-মাখন যত খুশি"
গত কয়েক বছরে আপনার সামনে এ ধরনের প্রচারনা কত বার এসেছে? ফোনের স্ক্রিনে একজন আত্মবিশ্বাসী মানুষ বুঝিয়েছেন, শরীরের সব সমস্যার মূলে কার্বোহাইড্রেট, আর সমাধান একটাই: বেশি প্রোটিন, বেশি ফ্যাট, কম কার্ব।
কথাটা শুনতে ভালো লাগে। কারণ এটা সহজ, আর সহজ জিনিস আমাদের মস্তিষ্ক পছন্দ করে। সমস্যা হলো, বিজ্ঞান এখানে সহজ কিছু বলছে না।
যে গবেষণাটা উল্টো প্রশ্ন করছে:
এ বছরের অগাস্টে Cell Press Blue জার্নালে ইউনিভার্সিটি অব উইসকনসিনের দুই গবেষকের একটি রিভিউ পেপার বেরিয়েছে, যেখানে ৩৬১টি গবেষণা পর্যালোচনা করা হয়েছে। তাঁদের প্রশ্নটা ঠিক উল্টো দিক থেকে: প্রোটিন কমালে কী হয়?
এনিমেল ট্রায়ালে ইস্ট, ফলের মাছি, ইঁদুর, যেখানেই পরীক্ষা করা হয়েছে, কম প্রোটিনে আয়ু বেড়েছে।
কেন বাড়ে? আমাদের কোষে একটা “বৃদ্ধির সুইচ” আছে, নাম mTORC1। প্রচুর প্রোটিন পেলে সে সুইচ চালু থাকে, কোষ বাড়তে থাকে। আর প্রোটিন কমলে সুইচটা বন্ধ হয়ে যায়, তখন কোষ বাড়ার বদলে নিজের ভেতরের নষ্ট যন্ত্রপাতি সারানো ও পরিষ্কার করার কাজে নামে। এই পরিষ্কারের প্রক্রিয়াটার নাম অটোফ্যাজি (হ্যা সেই অটোফ্যাজি যা ফাস্টিং করলে বাড়ে বলেন একই ঘরানার ইনফ্লুয়েন্সারগণ)। পাশাপাশি FGF21 নামের একটি হরমোন বাড়ে, যেটা এনার্জি খরচ বাড়ায় আর ইনসুলিনের কাজ সহজ করে। সুতরাং যে অটোফ্যাজি ও ইনসুলিন রেজিস্টেন্স কমানো নিয়ে হাই প্রোটিন-হাই ফ্যাট ওয়েলনেস ইনফ্লুয়েন্সার কথা বলেন সেই দুটো ব্যাপারই প্রোটিন কম খাওয়ার সাথে সম্পর্কিত। সহজ ভাষায়: শরীর তখন “বাড়ার মোড” থেকে “মেরামতের মোডে” যায়। কিন্তু এ তো ইদুরের উপর পরীক্ষার ফলাফল।
মানুষের ওপর কী পাওয়া গেছে? কয়েক সপ্তাহের ছোট ট্রায়ালে ওজন, চর্বি, রক্তের সুগার, ইনসুলিন সেনসিটিভিটি ভালো হয়েছে। কিন্তু মানুষ বেশিদিন বাঁচে কি না, সেই প্রমাণ কারও হাতে নেই। রিভিউ পেপারটাও সেটা স্পষ্ট করে লিখেছে।
তাহলে কি সবার প্রোটিন কমানো উচিত? একদমই না।
বয়স বাড়লে পেশি ক্ষয় (সারকোপেনিয়া) একটা বাস্তব বিপদ। পেশি কমলে পড়ে গিয়ে হাড় ভাঙার ঝুঁকি বাড়ে, হাসপাতালে যাওয়ার ঝুঁকি বাড়ে, স্বাধীনভাবে চলাফেরার ক্ষমতা কমে। ৬৫ বছরের পরে বেশিরভাগ বিশেষজ্ঞ দল তাই দৈনিক ১.০ থেকে ১.২ গ্রাম প্রোটিন প্রতি কেজি ওজনের পরামর্শ দেন, যা সাধারণ RDA-র (০.৮) চেয়ে বেশি।
এখানেই সবচেয়ে জরুরি কথাটা:
পেশি বানানো আর দীর্ঘায়ু, দুটো এক জিনিস নয়।
যে খাদ্যাভ্যাস আপনার বাইসেপ বড় করবে, সেটাই আপনাকে বেশিদিন বাঁচাবে, এমন কোনো নিশ্চয়তা নেই। ইনফ্লুয়েন্সাররা এই দুটোকে ইচ্ছাকৃতভাবে গুলিয়ে ফেলেন, কারণ আয়ু বিক্রি করা কঠিন, কিন্তু পেশির ছবি বিক্রি করা সহজ।
একটা তিন বছরের ট্রায়াল, যেটা নিয়ে কেউ রিল বানায় না:
PREVIEW নামের একটি বহুদেশীয় র্যান্ডমাইজড ট্রায়ালে ১,৮৫৬ জন প্রিডায়াবেটিস আক্রান্ত মানুষকে তিন বছর অনুসরণ করা হয়েছে। এক দলকে দেওয়া হয় হাই-প্রোটিন ডায়েট (এনার্জির ২৫% প্রোটিন), অন্য দলকে সাধারণ গাইডলাইন-ঘেঁষা মডারেট প্রোটিন (১৫%)।
তিন বছর পর প্রিডায়াবেটিস থেকে সেরে ওঠা: মডারেট প্রোটিন ২০.৬% হাই প্রোটিন ১৫.৫%
ওজন ধরে রাখার ক্ষেত্রেও দুই দলে উল্লেখযোগ্য পার্থক্য ছিল না। অর্থাৎ বেশি প্রোটিন দীর্ঘমেয়াদে বাড়তি সুবিধা তো দেয়ইনি, বরং কিছুটা পিছিয়ে ছিল।
এবার আসি “কার্ব বাদ” অংশটায়, যেখানে ডেটা সবচেয়ে অস্বস্তিকর:
Lancet Public Health-এ প্রকাশিত একটি বিশ্লেষণে ৪ লক্ষ ৩২ হাজার মানুষের তথ্য একত্র করা হয়েছিল। ফলাফল একটা U-এর মতো: মোট এনার্জির ৫০ থেকে ৫৫ শতাংশ কার্ব থেকে এলে মৃত্যুঝুঁকি সবচেয়ে কম। ৪০ শতাংশের নিচে নামলে ঝুঁকি বাড়ে, আবার ৭০ শতাংশের বেশি হলেও বাড়ে।
কিন্তু আসল কথাটা এর পরের লাইনে। কার্বের জায়গায় কী বসছে, সেটাই সব ঠিক করে দেয়: কার্বের বদলে প্রাণিজ চর্বি ও প্রোটিন নিলে মৃত্যুঝুঁকি ১৮% বেশি কার্বের বদলে উদ্ভিজ্জ চর্বি ও প্রোটিন নিলে ঝুঁকি ১৮% কম।
খেয়াল করুন, “ভাত বাদ দিয়ে মাংস, ডিম, ঘি, মাখন” ঠিক প্রথম ভার্সনটাই। যেটার ডেটা সবচেয়ে খারাপ, ইন্টারনেটে বিক্রি হচ্ছে সেটাই।
উৎসের গুরুত্ব আরও একটা জায়গায় দেখা গেছে। NIH-AARP গবেষণায় ৪ লক্ষ ১৬ হাজার মানুষকে ১৬ বছর অনুসরণ করে দেখা গেছে, দৈনিক এনার্জির মাত্র ৩ শতাংশ প্রাণিজ প্রোটিন উদ্ভিজ্জ প্রোটিন দিয়ে বদলে দিলে মৃত্যুঝুঁকি প্রায় ১০ শতাংশ কম। মাত্র তিন শতাংশ, ডালের বাটি বা এক মুঠো বাদামের সমান।
তবে উল্টো চরমেও যাওয়া যাবে না। ২০২৫ সালের ৪৩টি RCT-র বিশ্লেষণে দেখা গেছে, পেশির ভর বাড়ানোর ক্ষেত্রে প্রাণিজ প্রোটিন সামান্য এগিয়ে, যদিও শক্তি বা কর্মক্ষমতায় পার্থক্য নেই।
আর একটা তথ্য, যেটা আমাকে সবচেয়ে বেশি ভাবায়:
২০২১ সালের একটি ইঁদুর-গবেষণায় প্রোটিন কমানোর ফলে পুরুষ ইঁদুরের আয়ু প্রায় ৩৫% বেড়েছিল। একই খাদ্যে স্ত্রী ইঁদুরের আয়ু ২২% কমে গিয়েছিল। একই খাবার, একই ল্যাব, একই খাঁচা, উল্টো ফল। যেখানে নিয়ন্ত্রিত ল্যাবের ইঁদুরেই “সবার জন্য এক নিয়ম” খাটে না, সেখানে ফেসবুকের একটা রিল আপনার-আমার সবার জন্য একটা ডায়েট প্রেসক্রাইব করছে কীসের জোরে?
বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জরুরি সতর্কতা:
এই পোস্ট কিন্তু “প্রোটিন কমান” বলার জন্য নয়। আমাদের খাবার এমনিতেই ভাতনির্ভর, অনেকের ক্ষেত্রে এনার্জির ৭০ শতাংশের বেশিই আসে পরিশোধিত কার্ব থেকে। সেটা ওই U-এর অন্য খারাপ প্রান্ত। আমাদের বয়স্ক জনগোষ্ঠীর বড় একটা অংশ বরং প্রোটিন কম পান, বেশি নয়।
সমস্যাটা প্রোটিন নয়। সমস্যাটা হলো একটি ডায়েটকে সবার জন্য ওষুধের বিকল্প বলে এক রকম ওষুধই বানিয়ে ফেলা এবং অর্গানিক/সাপ্লিমেন্ট ইত্যাদি নানা নাম ও ব্রান্ডে প্রমোট করা।
তাহলে বাস্তবে কী করবেন:
আপনি যদি মধ্যবয়সী এবং তেমন সক্রিয় না হন, প্রতি কেজি ওজনে ০.৮ থেকে ১.০ গ্রাম প্রোটিনই সাধারণত যথেষ্ট। এখানে পরিমাণের চেয়ে উৎস বেশি গুরুত্বপূর্ণ: ডাল, ছোলা, বাদাম, মাছ, ডিম, দই।
আপনার বয়স ৬৫-র বেশি হলে, কিংবা নিয়মিত ভারী ব্যায়াম করলে, ১.০ থেকে ১.২ গ্রাম প্রতি কেজি যুক্তিসঙ্গত। তবে প্রোটিনের সঙ্গে ওজন নিয়ে ব্যায়াম না থাকলে বাড়তি প্রোটিন এমনিতেই কম কাজে লাগে।
আর কিডনি রোগ, লিভার রোগ, গর্ভাবস্থা, শিশু-কিশোর বা অসুস্থতা থেকে সেরে ওঠার সময়ে এসব নিয়ে নিজে পরীক্ষা-নিরীক্ষা করবেন না। এই জায়গাগুলোয় ভুলের মাশুল অনেক বেশি।
স্বচ্ছতার জন্য একটা কথা যোগ করি: যে রিভিউ পেপার দিয়ে শুরু করেছিলাম, তার সিনিয়র লেখক mTOR ইনহিবিটর নিয়ে কাজ করা একটি ওষুধ কোম্পানির উপদেষ্টা। বিজ্ঞানেও স্বার্থ থাকে। পার্থক্যটা হলো, বিজ্ঞানীকে সেই স্বার্থ ঘোষণা করতে হয়। ইনফ্লুয়েন্সারকে করতে হয় না, তিনি যে সাপ্লিমেন্ট বিক্রি করছেন সেটার কথা বলাও লাগে না।
শেষ কথা:
প্রোটিন অত্যাবশ্যক। প্রোটিনের ঘাটতি নিশ্চিতভাবেই ক্ষতিকর। কিন্তু “যথেষ্ট” আর “সর্বোচ্চ”, এই দুটো এক শব্দ নয়। পুষ্টিবিজ্ঞান পুরোটাই দাঁড়িয়ে আছে এই পার্থক্যের ওপর, আর ওয়েলনেস ইন্ডাস্ট্রি ঠিক এই পার্থক্যটাই মুছে দিয়ে ব্যবসা করে।
তাই প্রশ্নটা হোক, “আমার কতটুকু প্রোটিন দরকার?” “আমি সর্বোচ্চ কতটুকু খেতে পারি?” নয়।
আর কেউ যখন বলে “এই ডায়েটটা সবার জন্য”, তখন সেটা বিজ্ঞান নয়, বিপণন। বিজ্ঞান প্রায় সবসময় পাল্টা প্রশ্ন করে: কার জন্য, কোন বয়সে, কোন অবস্থায়?
📚 সূত্র: Knopf & Lamming, Cell Press Blue 2026 | Zhu et al., Diabetologia 2026;69:81 (PREVIEW) | Seidelmann et al., Lancet Public Health 2018;3:e419 | Huang et al., JAMA Intern Med 2020;180:1173 | Richardson et al., Nature Aging 2021;1:73
এই পোস্ট লেখায় যে সকল আর্টিকেল ব্যবহৃত হয়েছে তার লিংক পেতে কমেন্টে লিখুন: প্রোটিন
ডিসক্লেইমার: আমি রোগী দেখি না, আমার চেম্বার নেই। বাংলাদেশেও থাকি না। কোন ধরনের ওষুধ কোম্পানির সাথেও কোন দূরতম সম্পর্ক নেই। আমি চিকিৎসা গবেষক ও পলিসি বিশেষজ্ঞ। তাই এই পোস্টের কোন তথ্যের ক্ষেত্রে আমার কোন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই।
ডা. মো: মারুফুর রহমান
চিকিৎসক ও গবেষক
সাস্কাচুয়ান, কানাডা
এমবিবিএস, এমপিএইচ, এমএসসি, পিএইচডি