16/04/2026
বাংলাদেশে একটি প্রবণতা ক্রমশ চোখে পড়ে,, আর্ট ও সায়েন্সকে পরস্পরের বিপরীতে দাঁড় করানো। “NASA-র বিজ্ঞানীরা এত কিছু করছে, আর তোমরা আর্ট নিয়ে ব্যস্ত” এই ধরনের মন্তব্য একটি মৌলিক ভুল ধারণা থেকে আসে, যেখানে মনে করা হয় কেবল বিজ্ঞানই বাস্তব মূল্য তৈরি করে, আর্ট নয়। কিন্তু এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত সীমিত, কারণ বিজ্ঞান যেমন বাস্তবতাকে ব্যাখ্যা করে, আর্ট তেমনি সেই বাস্তবতাকে মানব অভিজ্ঞতার স্তরে বোঝায়।
সায়েন্সের দিক থেকে দেখলে, মানুষের চিন্তা, আচরণ, এমনকি সৃজনশীলতাও ব্রেইনের নিউরাল প্রসেস, কগনিটিভ প্যাটার্ন এবং বায়োলজিক্যাল সিস্টেমের উপর দাঁড়িয়ে। আমরা কীভাবে দেখি, কীভাবে সিদ্ধান্ত নেই, কীভাবে আবেগ অনুভব করি, সবকিছুই নিউরোসায়েন্স ও কগনিটিভ সাইকোলজির মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব। কিন্তু এই ব্যাখ্যা থাকলেই মানব অভিজ্ঞতার “অর্থ” পুরোপুরি ধরা পড়ে না। ঠিক এখানেই আর্টের জায়গা।
আর্ট শুধু বিনোদন বা ডেকোরেশন নয়; এটি মানব অভিজ্ঞতা, অনুভূতি এবং চিন্তার একটি গভীর মাধ্যম। অনেক সময় এমন কিছু অভিজ্ঞতা, যন্ত্রণা বা সামাজিক বাস্তবতা থাকে যা ভাষায় সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না.. শিল্পী তখন রঙ, ফর্ম ও চিত্রের মাধ্যমে সেই “অকথিত” বিষয়গুলোকে দৃশ্যমান করে তোলেন। অর্থাৎ, আর্ট হলো একটি বিকল্প ভাষা, যা মানুষের কগনিশন ও ইমোশনকে একসাথে যুক্ত করে।
এই প্রসঙ্গে Pablo Picasso-এর “Guernica” (1937) একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। Spanish Civil War-এর সময় Guernica শহরে বোমা হামলার পর যে ধ্বংস ও মানবিক ট্র্যাজেডি তৈরি হয়েছিল, সেটাই এই চিত্রকর্মে প্রতিফলিত হয়েছে। এটি কোনো সাধারণ “এস্থেটিক” পেইন্টিং নয়, এটি ভায়োলেন্স, ট্রমা এবং মাস হিউম্যান সাফারিংয়ের একটি ভিজ্যুয়াল স্টাডি। আর্ট ইতিহাসের দিক থেকে এটি দেখায় কীভাবে ভিজ্যুয়াল সিম্বলিজম মানুষের ইমোশনাল রেসপন্সকে ট্রিগার করতে পারে, যা অনেক সময় টেক্সট বা ডেটা দিয়েও সম্ভব হয় না।
অন্যদিকে, সায়েন্স আমাদের এই ধরনের ঘটনা বুঝতে সাহায্য করে কেন মানুষ ট্রমা অনুভব করে, কীভাবে যুদ্ধ সামাজিক কাঠামো ভেঙে দেয়, বা কীভাবে গ্রুপ বিহেভিয়ার কাজ করে। কিন্তু শুধুমাত্র বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে সেই অভিজ্ঞতার মানবিক গভীরতা বোঝা যায় না।
এই দুই ক্ষেত্র আলাদা না হয়ে বরং একে অপরকে পূর্ণ করে। সায়েন্স দেয় কাঠামো, আর্ট দেয় অনুভূতি; সায়েন্স দেয় ব্যাখ্যা, আর্ট দেয় অর্থ। সমস্যা তখনই তৈরি হয়, যখন একটি সমাজ এই দুইটাকে আলাদা করে একটাকে “উচ্চতর” আর অন্যটাকে “অপ্রয়োজনীয়” মনে করে। তখনই সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তা এবং মানবিক অভিব্যক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।
অতএব, বিজ্ঞান যেমন বাস্তবতার কঠিন প্রশ্নগুলোর উত্তর খোঁজে, তেমনি আর্ট সেই বাস্তবতার ভেতরের মানবিক প্রশ্নগুলোকে সামনে আনে। একটি উন্নত সমাজ গঠনের জন্য এই দুইয়ের ভারসাম্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।