25/04/2026
নীতি আয়োগের পুনর্গঠন: নতুন সহ-উপাধ্যক্ষ হলেন বালুরঘাটের প্রাক্তন বিধায়ক অশোক কুমার লাহিড়ী
আত্রেয়ী টাইমস প্রতিবেদন :দেশের নীতি নির্ধারণী কাঠামোর প্রধান কেন্দ্র 'নীতি আয়োগ' (NITI Aayog)-কে নতুন করে সাজালো কেন্দ্র সরকার। এই পুনর্গঠনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের প্রাক্তন বিধায়ক শ্রী অশোক কুমার লাহিড়ী নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান (সহ-উপাধ্যক্ষ) হিসেবে নিযুক্ত হয়েছেন।
শনিবার এক সোশ্যাল মিডিয়া বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই খবরটি শেয়ার করেন। অশোক বাবুকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী লিখেন, "নীতি আয়োগ ভারতের নীতি নির্ধারণী স্থাপত্যের এক অত্যাবশ্যক স্তম্ভ হয়ে উঠেছে। এটি সমবায় ফেডারেলিজম এবং সংস্কারের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করছে।"
প্রসঙ্গত,অশোক কুমার লাহিড়ী পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে অত্যন্ত পরিচিত মুখ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে বালুরঘাট কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি ভারতের ১৫তম অর্থ কমিশনের সদস্য এবং দেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। তাঁর এই নতুন নিয়োগে স্বাভাবিকভাবেই খুশি বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের মানুষ।
নীতি আয়োগের নতুন টিম:
সহ-উপাধ্যক্ষ পদের পাশাপাশি নীতি আয়োগের পূর্ণসময়ের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে:
শ্রী রাজীব গৌবা
অধ্যাপক কে. ভি. রাজু
অধ্যাপক গোবর্ধন দাস
অধ্যাপক অভয় করন্দিকর
ড. এম. শ্রীনিবাস
এছাড়াও জানা গেছে, আইএএস নিধি ছিব্বার নীতি আয়োগের সিইও (CEO) হিসেবে দায়িত্ব সামলাবেন। পদাধিকারবলে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং।
২০১৫ সালে প্রতিষ্ঠিত নীতি আয়োগ মূলত সরকারের 'থিংক ট্যাংক' হিসেবে কাজ করে। বিশেষজ্ঞদের মতে, অশোক কুমার লাহিড়ীর মতো অভিজ্ঞ অর্থনীতিবিদ, যিনি মাটির রাজনীতি এবং উচ্চস্তরের অর্থনীতি—উভয় ক্ষেত্রেই দক্ষ, তাঁর নেতৃত্বে নীতি আয়োগের উদ্ভাবনী কাজে আরও গতি আসবে। প্রধানমন্ত্রী এই নতুন টিমের সফল কার্যকাল কামনা করেছেন।
# Dr. Ashok Kumar Lahiri