02/09/2026
ভাঙনে ভিটেমাটিহীন পরিবারগুলিকে আগামীতে মডেল ভিলেজ তৈরি করে তাদের পুনর্বাসন দেওয়া হবে। মডেল ভিলেজে ভাঙন দুর্গতদের বাড়িঘর, শৌচাগার তৈরি করে তাদের জন্য বিদ্যুতের ব্যবস্থা করা হবে-মালদার মানিকচক বিধানসভার ইংরেজবাজার ব্লকের মিলকি অঞ্চলের খাসকোল রবিদাস পাড়ার গঙ্গা ভাঙন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে কার্যত এমনটাই আশ্বাসবাণী শোনালেন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল। মঙ্গলবার তিনি জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে খাসকোল রবিদাস পাড়ার গঙ্গা ভাঙন পরিস্থিতি পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার সহ জেলা ও ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক। তাদের সঙ্গে নিয়েই এদিন বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল প্রথমে নৌকা পথে ওই এলাকার ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন। পরে নৌকা থেকে নেমে রবিদাস পাড়ার গঙ্গা ভাঙন দুর্গতদের সঙ্গে কথা বলেন। ওই সময় ভাঙন দুর্গতরা বিধায়কের কাছে ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের করুণ আর্জি জানান। দুর্গতদের মুখ থেকে সমস্ত ঘটনা ঘটনা শোনার পর প্রথমে বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল খাসকোল হাইস্কুলের ত্রাণ শিবিরে গিয়ে শিবিরে আশ্রয় নেওয়া দুর্গত পরিবারগুলির হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেন। পরে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মানিকচক বিধানসভার খাসকোল রবিদাস পাড়ায় গত ১৫ দিন ধরে বিক্ষিপ্তভাবে গঙ্গা ভাঙন চলছে। সেই ভাঙনে ইতিমধ্যেই বেশকিছু পরিবারের ঘরবাড়ি গঙ্গাগর্ভে তলিয়ে গেছে। কিছু 'পরিবার ভাঙনের আশঙ্কায় আগেভাগেই ঘরবাড়ি ভেঙে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে বর্তমানে ৪৮টি পরিবার ত্রাণ শিবিরে রয়েছে। তাদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে এবং আগামীতে তাদের মডেল ভিলেজ তৈরি করে পুনর্বাসন দেওয়া হবে