07/09/2026
‘কুসুম’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের নজরে আসা তনিষ্কা তিওয়ারি এবার ‘দাদাগিরি’র মঞ্চে শোনালেন তাঁর পড়াশোনা আর অভিনয় সামলানোর অভিজ্ঞতা। দেবের করা একটি প্রশ্নের উত্তরে তনিষ্কার সহজ-সরল জবাবেই উঠে এল তাঁর ব্যস্ত জীবনের ছবি।
বর্তমানে একাদশ শ্রেণিতে পড়ছেন তনিষ্কা। দেব তাঁকে জানতে চান, পড়াশোনায় মন বসে কি না। উত্তরে অভিনেত্রী জানান, পড়াশোনায় মন লাগে ঠিকই, কিন্তু শুটিংয়ে তাঁর আরও বেশি মন বসে। এমনকী পড়াশোনার তুলনায় শুটিংয়ের স্ক্রিপ্ট তাঁর তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। পড়া মুখস্থ করতে একটু বেশি সময় লাগে বলেও জানান তিনি।
তনিষ্কা বর্তমানে হিউম্যানিটিজ নিয়ে পড়াশোনা করছেন। সাইকোলজি এবং পলিটিক্যাল সায়েন্স তাঁর বিষয়ের মধ্যে রয়েছে। ‘কুসুম’-এ কাজ করার সময়ই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। দীর্ঘ সময় শুটিং করার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে হয়েছিল তাঁকে।
সেই সময় প্রায় ১৪ ঘণ্টা শুটিং সামলে পড়াশোনা করতেন তনিষ্কা। ঘুমের সময়ও কমে গিয়েছিল। শেষ পর্যন্ত সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় ৭৯ শতাংশ নম্বর পেয়ে পাশ করেন তিনি। মেয়ের এই পরিশ্রমের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তাঁর মাও।
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তনিষ্কার। ২০১৮ সালে ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’-এ অংশ নেওয়ার পর একাধিক ধারাবাহিকে সাপোর্টিং চরিত্রে কাজ করেন তিনি। পরে ‘কুসুম’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আরও পরিচিতি পান। বাংলা টেলিভিশনের পাশাপাশি ‘তুম রহে না তুম’ এবং ‘দাদুর কীর্তি’ ছবিতেও অভিনয় করেছেন তনিষ্কা। ভবিষ্যতে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করার ইচ্ছাও রয়েছে তাঁর।