02/09/2026
মালদা থেকে উড়বে বিমান: শীঘ্রই চালু হচ্ছে উড়ান প্রকল্প, মালদা বিমানবন্দর পরিদর্শনে বিধায়ক
শ্রীরূপা মিত্র চৌধুরী / অম্লান ভাদুড়ি ও প্রশাসনিক আধিকারিকরা
জুলফিকার আলি, মালদা:
মালদাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুব শীঘ্রই ডানা মেলতে চলেছে বিমান। রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে এবং কেন্দ্রীয় সরকারের ‘উড়ান’ প্রকল্পের অধীনে খুব দ্রুতই চালু হতে চলেছে মালদা বিমানবন্দর। এই বিমানবন্দরকে পুনরায় কার্যকর ও পুর্ণাঙ্গভাবে চালু করার জন্য প্রশাসনিক মহলে প্রস্তুতি এখন তুঙ্গে।
এই সংক্রান্ত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের ঠিক আগেই বুধবার সাতসকালে মালদা বিমানবন্দর চত্বর পরিদর্শনে যান ইংরেজবাজারের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি। কেবল একাই নন, বিমানবন্দরের সামগ্রিক পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক ও বিশেষজ্ঞ প্রতিনিধিদল।
এদিন সকাল সকাল বিমানবন্দরে পৌঁছেই বিধায়ক উপস্থিত আধিকারিকদের নিয়ে পুরো এলাকা ঘুরে দেখেন। রানওয়ে, টার্মিনাল ভবন, সিকিউরিটি জোন এবং পারিপার্শ্বিক পরিকাঠামো কতটা প্রস্তুত রয়েছে, তা তিনি নিজে দাঁড়িয়ে খতিয়ে নেন। পরিদর্শনের পাশাপাশি বিমানবন্দরের ভেতরের বর্তমান পরিকাঠামোগত অবস্থা ও আগামী দিনে দ্রুত কাজ শেষ করার নানা খুঁটিনাটি বিষয় নিয়ে বিমানবন্দরেই আধিকারিকদের সঙ্গে একপ্রস্ত জরুরি আলোচনা সারেন তিনি।
পরিদর্শন পর্ব শেষ করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক অম্লান ভাদুড়ি জানান, মালদাবাসীকে দ্রুত বিমান পরিষেবা দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। কেন্দ্রীয় সরকারের ‘উড়ান’ প্রকল্পের মাধ্যমে খুব শীঘ্রই এখান থেকে বিমান চলাচল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দর চালুর চূড়ান্ত পর্বের কাজ যাতে আরও দ্রুতগতিতে সম্পন্ন হয়, সেই কারণেই আজকের এই বিশেষ যৌথ পরিদর্শন।
তিনি আরও বলেন, "আজকের পরিদর্শনে বিমানবন্দরের পরিকাঠামো সহ যেসব নতুন বিষয় বা প্রয়োজনীয়তা সামনে এসেছে, সেগুলি সমস্ত খতিয়ে দেখা হয়েছে। খুব শীঘ্রই পরিবহণ দপ্তরের উচ্চপর্যায়ের বৈঠক রয়েছে। আজকের এই পরিদর্শনের সম্পূর্ণ তথ্য ও প্রয়োজনীয় প্রস্তাব আমি সেই বৈঠকে রাজ্য সরকারের কাছে তুলে ধরব।"
সবকিছু ঠিকঠাক থাকলে এবং প্রয়োজনীয় অনুমতি ও পরিকাঠামোগত প্রস্তুতি দ্রুত সম্পন্ন হলে, উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপুর্ণ এই জেলা থেকে খুব শীঘ্রই শুরু হবে যাত্রীবাহী বিমান পরিষেবা। এর ফলে মালদা সহ পার্শ্ববর্তী জেলাগুলির যোগাযোগব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।