27/06/2026
তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী, তদন্তে নেমেছে লালবাজার
Bengal News TODAY
কলকাতা: তোলাবাজি, শ্লীলতাহানি এবং ক্ষমতার অপব্যবহারের মতো একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা ১১ নম্বর বরোর প্রাক্তন চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীকে গ্রেফতার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে সন্তোষপুরের কালীকুমার মজুমদার রোডের বাসভবন থেকে ৬৫ বছর বয়সি এই প্রাক্তন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ জুন তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে সার্ভে পার্ক থানায় দুটি পৃথক লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে ১০৫ ও ১০৬ নম্বর—এই দুটি এফআইআর রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
১০৫ নম্বর এফআইআর-এ এক মহিলাকে শ্লীলতাহানি এবং বিবস্ত্র করার উদ্দেশ্যে বলপ্রয়োগের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি সরকারি কাজে বাধা, শারীরিক আঘাত, সম্পত্তি নষ্ট, ভয় দেখানো, চুরি এবং অনধিকার প্রবেশ-সহ একাধিক গুরুতর অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, ১০৬ নম্বর এফআইআর-এ মূল অভিযোগ তোলাবাজি ও জোরপূর্বক অর্থ আদায়ের।
পুলিশ জানিয়েছে, শনিবার ধৃত প্রাক্তন কাউন্সিলরকে আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে, যাতে অভিযোগগুলির প্রকৃত সত্যতা এবং ঘটনার নেপথ্যের সমস্ত দিক খতিয়ে দেখা যায়।
রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর কলকাতা পুরসভার একাধিক প্রাক্তন ও বর্তমান জনপ্রতিনিধির বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘটনা সামনে এসেছে। ইতিমধ্যেই কলকাতা পুরসভা ভেঙে দেওয়া হয়েছে এবং প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে একের পর এক তৃণমূলের পুরপ্রতিনিধির গ্রেফতার রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে।
লালবাজার সূত্রে দাবি, এখনও পর্যন্ত কলকাতা পুরসভার অন্তত আটজন তৃণমূল পুরপ্রতিনিধিকে বিভিন্ন অপরাধমূলক অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মতো অভিযোগ রয়েছে। সেই তালিকায় সর্বশেষ সংযোজন হলেন ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী।
এর আগে গ্রেফতার হওয়া পুরপ্রতিনিধিদের মধ্যে রয়েছেন— ২ নম্বর ওয়ার্ডের মহেশকুমার শর্মা, ৩৬ নম্বর ওয়ার্ডের শচীন সিংহ, ৫৬ নম্বর ওয়ার্ডের স্বপন সমাদ্দার, ৬৩ নম্বর ওয়ার্ডের সুস্মিতা ভট্টাচার্য, ১০১ নম্বর ওয়ার্ডের বাপ্পাদিত্য দাশগুপ্ত, ১০৬ নম্বর ওয়ার্ডের অরিজিৎ দাস ঠাকুর, ১১৪ নম্বর ওয়ার্ডের বিশ্বজিৎ মণ্ডল এবং ১২৩ নম্বর ওয়ার্ডের সুদীপ পোল্লে।
পুলিশের বক্তব্য, আইনের চোখে সকলেই সমান। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে পর্যাপ্ত তথ্যপ্রমাণ মিললেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত এখনও চলছে এবং আদালতের নির্দেশ ও তদন্তের অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।
Santanu Ray JBS Digital 24×7 Agnimitra Paul Suvendu Adhikari Kolkata Municipal Corporation