31/08/2026
জন্মাষ্টমী মহোৎসবে মহাতীর্থ চাকলা ধাম, ভক্তসমাগমের প্রস্তুতি তুঙ্গে
চাকলা, দেগঙ্গা, উত্তর ২৪ পরগণা, ৩১ আগস্ট ২০২৬:
“মহাভারতে যেথা কৃষ্ণ, রামায়ণে রাম, কলিতে স্মরণ করি লোকনাথ নাম”—এই আধ্যাত্মিক বাণীকে সামনে রেখে শ্রী শ্রী লোকনাথ বাবার পবিত্র জন্মস্থান মহাতীর্থ চাকলা ধামে পালিত হতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহোৎসব।
ত্রিকালদর্শী মহাযোগী, ব্রহ্মজ্ঞ ও পরম শ্রদ্ধেয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পূর্ণ জন্মভূমি চাকলা ধামে আগামী ২, ৩ ও ৪ সেপ্টেম্বর ২০২৬, বঙ্গাব্দ ১৫, ১৬ ও ১৭ ভাদ্র ১৪৩৩, যথাক্রমে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার তিন দিনব্যাপী মহাসমারোহে জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হবে।
জন্মাষ্টমী উপলক্ষে চাকলা ধামকে কেন্দ্র করে ভক্ত ও পুণ্যার্থীদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা কাঁধে বাঁক নিয়ে পবিত্র গঙ্গাজল সংগ্রহ করে চাকলা ধামে এসে বাবার চরণে নিবেদন করবেন এবং নিজেদের মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করবেন।
বাগবাজার, আহিরীটোলা, ব্যারাকপুর, বসিরহাট, ইছামতী, নৈহাটি, হাড়োয়া, ত্রিবেণী-সহ বিভিন্ন গঙ্গার ঘাট থেকে ভক্তরা পবিত্র গঙ্গাজল নিয়ে চাকলা ধামের উদ্দেশে যাত্রা করবেন বলে জানানো হয়েছে। ভক্তদের এই ধর্মীয় পদযাত্রা ও গঙ্গাজল নিবেদনের মধ্য দিয়ে জন্মাষ্টমী মহোৎসব আরও আধ্যাত্মিক ও উৎসবমুখর হয়ে উঠবে বলে আশা উদ্যোক্তাদের।
এই পবিত্র তিথিতে দেশ-বিদেশের সমস্ত ভক্ত ও পুণ্যার্থীদের মহাতীর্থ চাকলা ধামে উপস্থিত হয়ে জন্মাষ্টমী মহোৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘের সভাপতি ও লোকনাথ বাবার প্রচারক নবকুমার দাস।
ভক্তদের বিশ্বাস, শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মভূমি চাকলা ধামে জন্মাষ্টমীর এই মহোৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং ভক্তি, বিশ্বাস, আধ্যাত্মিকতা ও মানবকল্যাণের এক মহামিলনক্ষেত্র। তিন দিনব্যাপী এই উৎসবকে ঘিরে চাকলা ধাম পরিণত হতে চলেছে ভক্তসমাগমের এক পবিত্র তীর্থক্ষেত্রে।