Bengal Watch News

Bengal Watch News Daily news

01/09/2026

জিমস হাসপাতালে লকেট চট্টোপাধ্যায়, স্বাস্থ্য পরিষেবা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের জিমস হাসপাতালে পরিদর্শনে এলেন বিজেপির রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

সাধারণ মানুষের কাছে সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার উপর জোর দেন লকেট চট্টোপাধ্যায়। বিশেষ করে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা যাতে আরও বেশি মানুষের কাছে সহজলভ্য হয়, সেই বিষয়েও গুরুত্ব দেন তিনি।

01/09/2026

মনীষীর মূর্তি পরিষ্কার করার কর্মসূচিতে নেমে ঘোর বাকবিতন্ডায় জড়ালেন বিজেপি নেতা নান্টু পাল

শিলিগুড়ির ১২ নম্বর ওয়ার্ডে মনীষীদের মূর্তি পরিষ্কার করার কর্মসূচিতে উপস্থিত হয়ে প্রকাশ্যে গোলমালে জড়িয়ে পড়লেন বিজেপি নেতা নান্টু পাল এবং বিজেপির ওবিসি মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রণয় ঘোষ। মঙ্গলবার ১২ নম্বর ওয়ার্ডে সিধু-কানহু সহ বাল গঙ্গাধর তিলক ও অন্যান্য মনীষীদের মূর্তিতে মাল্যদান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি চলছিল। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা নান্টু পাল। তিনি গণমাধ্যমের সামনে বক্তব্য রাখার সময় হঠাৎই ক্ষোভে ফেটে পড়েন প্রণয় ঘোষ। নান্টু পালের বক্তব্য চলাকালীন তিনি এগিয়ে আসেন এবং দু'জনের মধ্যে বচসা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি চরম আকার ধারণ করে এবং নান্টু পাল ও প্রণয় ঘোষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির সৃষ্টি হয়। উপস্থিত অন্যান্য বিজেপি কর্মী-সমর্থকরা এগিয়ে এসে দু'জনকে সামাল দেওয়ার চেষ্টা করেন। ক্ষমতায় আশার পর বিজেপি নিচু তলার কর্মীদের মধ্যে নিয়ন্ত্রন হাড়াচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

20/08/2026

ডাকাতির ছক বানচাল! পুলিশের হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা, ফিল্মি কায়দায় চার দুষ্কৃতী গ্রেফতার

আসানসোল, রানিগঞ্জ:
ডাকাতির বড়সড় ছক বানচাল করল পুলিশ। একেবারে ফিল্মি কায়দায় দুষ্কৃতীর হাত থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে চারজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে আসানসোলের রানিগঞ্জ থানার অন্তর্গত আমড়াসোতা মোড় এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে একদল দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে আমড়াসোতা মোড় এলাকায় জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে রানিগঞ্জ থানার আমড়াসোতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

পুলিশকে দেখে এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখানোর চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় পুলিশ অত্যন্ত সাহসিকতার সঙ্গে ওই দুষ্কৃতীর হাত থেকে আগ্নেয়াস্ত্রটি কেড়ে নেয় এবং ঘটনাস্থল থেকেই চারজনকে গ্রেফতার করে।

ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড কার্তুজ এবং একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত চারজনই বীরভূম জেলার বাসিন্দা।

তবে পুলিশের অভিযান টের পেয়ে আরও দুই দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ডাকাতির পরিকল্পনা এবং এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা করছে পুলিশ।

20/08/2026

ভেসে গেল ব্রিটিশ আমলে তৈরি ঘাটালের ভাসাপোলের পাটাতন

বৃহস্পতিবার সকালের ঘটনা।
ব্যাহত যোগাযোগ। নিম্নচাপের প্রভাবে বৃষ্টির জেরে ঘাটালের শিলাবতী এবং ঝুমি নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে।
জলের তোড়ে নিমতলায় একটি বাঁশের সাঁকো ভেঙে গেলে সেই সাঁকোটি এবং পানা নদীর জলে ভেসে এসে ভাষাপোলকে ধাক্কা মারে।
এর ফলে ভাসাপোলের একটি অংশ ভেসে যায়।
এর ফলে ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা।
কারণ এই পোল দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন।
ভাসাপোলের ওই পাটাতনটি উদ্ধার করার জন্য সাথে সাথে ভাসাপোল রক্ষণাবেক্ষণের কর্মীরা ব্যবস্থা নেন এবং বেশ কয়েক কিলোমিটার দূরে পাটাতনের অংশটিকে তারা উদ্ধার করেন।
পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

20/08/2026

*ফের প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা! মৃত তিন*

রোদ ঝলমলে আকাশ ক্ষণিকের জন্য দেখা দিলেও বর্ষার ধারা যেন বেগতিকের মতো ধেয়ে থাকছে বঙ্গে। সে মতোই পুরনো চিত্র বারংবার ধরা দেয় ঘাটাল চত্বরে।
বৃষ্টি ও নদীর জলস্তর বাড়ায় প্লাবিত ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা।মনসুকা অঞ্চলের পার্বতীচক, প্রসাদ চক, ধোসা চাঁদপুর সহ একাধিক গ্রামে হু হু করে ঢুকছে নদীর জল। প্লাবিত এলাকার প্রায় সমস্ত গ্রামীণ রাস্তাঘাট এখন জলের তলায়।
পরিস্থিতি ভয়াবহ হওয়ায় সাধারণ মানুষ কার্যত গৃহবন্দী। যাতায়াতের একমাত্র ভরসা এখন ডিঙ্গি আর ছোট নৌকো। শুধু রাস্তাই নয়, বহু গৃহস্থের ঘরেও কোমরসমান জল ঢুকে পড়েছে। ভেসে গেছে চাষের জমি, নষ্ট হচ্ছে খাবার ও পানীয় জল।যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন কয়েক হাজার গ্রামবাসী। দ্রুত ত্রাণ ও প্রশাসনিক সাহায্যের অপেক্ষায় দিন গুনছেন জলবন্দী দুর্গত মানুষজন। আর ইতিমধ্যেই প্লাবিত ঘাটালে রবিবার পর্যন্ত এক নাবালিকা সহ তিনজনের মৃত্যু হয়েছে বলে ও জানিয়েছে প্রশাসন আধিকারিকরা।

20/08/2026

তারাপীঠ এবং কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর শিলিগুড়ি শহরের হোটেল-রেস্তোরাঁয় অগ্নিনিরাপত্তা ও নথিপত্র খতিয়ে দেখতে যৌথ কমিটি

শিলিগুড়ি:
শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, শপিং মল-সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, বিল্ডিং প্ল্যান এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সঠিক রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শীঘ্রই যৌথ পরিদর্শন কমিটি তৈরি করা হবে। পুরসভা, দমকল, বিদ্যুৎ দফতর এবং PWD-কে নিয়ে এই কমিটি গঠন করা হবে বলে জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ।
বৃহস্পতিবার শহরের বেশ কয়েকটি হোটেল পরিদর্শন করেন পর্যটন মন্ত্রী। পরিদর্শনের সময় হোটেলগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ভবনের অনুমোদিত নকশা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো ও নথিপত্র সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শন শেষে হোটেল ব্যবসায়ীদের উদ্দেশে কড়া বার্তা দেন শঙ্কর ঘোষ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সকলকেই নির্ধারিত নিয়ম ও নিরাপত্তাবিধি মেনে চলতে হবে। নিয়মের ক্ষেত্রে কোনওরকম আপস করা হবে না।
মন্ত্রী জানান, শীঘ্রই গঠিত যৌথ কমিটি শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, শপিং মল-সহ বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে বিল্ডিং প্ল্যান এবং অন্যান্য প্রয়োজনীয় অনুমোদন ও নথিপত্র খতিয়ে দেখা হবে।
নিয়ম না মেনে কোনও প্রতিষ্ঠান চলতে থাকলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকী, পরিস্থিতি অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ারও পদক্ষেপ করা হতে পারে বলে কড়া বার্তা দিয়েছেন পর্যটন মন্ত্রী।

20/08/2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে SFI ABVP সংঘর্ষ জেনারেল বডি মিটিং ঘিরে উত্তেজনা!!

জেনারেল বডি মিটিং বা জিবি কে কেন্দ্র করে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। বুধবার ক্যাম্পাসে SFI এবং ABVP সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়েছে।

জানা গিয়েছে বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে SFI সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলির উদ্যোগে জেনারেল বডি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকের বিরোধিতা করে ABVP। তাদের দাবি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনও নির্বাচিত ছাত্র সংসদ নেই। পাশাপাশি ছাত্র সংসদ সংক্রান্ত কোনও নতুন নির্দেশিকাও জারি হয়নি। এই পরিস্থিতিতে কীভাবে জিবি মিটিং ডাকা হল তা নিয়েই প্রশ্ন তোলে ABVP।

অভিযোগ জিবি মিটিংয়ের বিরোধিতা করতে গিয়ে ABVP সমর্থকদের সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনগুলির সদস্যদের বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষের আকার নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বরে। ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়। আহত পড়ুয়াদের নিয়ে তিনি যাদবপুর থানায় যান। সেখানে বামপন্থী ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগ তোলেন তিনি। SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের নাম উল্লেখ করেও হুঁশিয়ারি দেন বিধায়িকা বলে দাবি।

এরপর যাদবপুর থানার সামনে ABVP সমর্থকরা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান। অন্যদিকে বামপন্থী ছাত্র সংগঠনগুলিও পাল্টা ABVP-র বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।

ঘটনাকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে এখনও উত্তেজনা রয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ কী পদক্ষেপ করে এখন সেদিকেই নজর।

20/08/2026

অন্নপূর্ণা ভাণ্ডারে অনিয়মের অভিযোগ, জামুড়িয়া BDO দপ্তরে তালা লাগিয়ে বিক্ষোভ

জামুড়িয়া: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কথিত অনিয়ম এবং যোগ্য উপভোক্তাদের আবেদন আচমকা বাতিল করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে জামুড়িয়া BDO দপ্তরে জোরদার বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা BDO দপ্তরের মূল গেটে তালা লাগিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও বহু প্রকৃত ও দরিদ্র উপভোক্তার আবেদন আচমকা রিজেক্ট করে দেওয়া হয়েছে। অন্যদিকে, যাঁরা প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, তাঁদের পরিবারের সদস্যরা এই সুবিধা পাচ্ছেন বলেও অভিযোগ ওঠে। বিশেষ করে কয়েকজন পুলিশ আধিকারিকের পরিবারের সদস্যরা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে দাবি করেন বিক্ষোভকারীরা।

তাঁদের দাবি, এর আগে বহু উপভোক্তা নিয়মিতভাবে প্রকল্পের টাকা পেয়েছেন। কিন্তু চলতি মাসে আচমকাই তাঁদের আবেদন রিজেক্ট হয়ে যায়। রিজেকশনের কারণ জানতে সকাল প্রায় ১০টা থেকেই তাঁরা BDO দপ্তরে উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বেলা সাড়ে ১১টা পর্যন্ত দপ্তরে কোনও আধিকারিক বা ডি-গ্রুপের কর্মীকে দেখা যায়নি।

এরপর ক্ষুব্ধ বিক্ষোভকারীরা দপ্তরের গেট বন্ধ করে সেখানে অবস্থান-বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের সেখান থেকে সরিয়ে দেন। পরে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জয়েন্ট BDO ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলবেন।

বিক্ষোভকারীদের মূল দাবি, যাঁদের আবেদন রিজেক্ট করা হয়েছে, তাঁদের প্রত্যেককে বাতিলের সঠিক কারণ জানাতে হবে। তাঁদের অভিযোগ, ভেরিফিকেশনে কোনও ভুল হয়ে থাকলে BDO আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করা উচিত এবং প্রকৃত যোগ্য উপভোক্তারা যাতে প্রকল্পের সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে।

বিক্ষোভকারী সৌমিত্র চট্টোপাধ্যায়, তোরসি গ্রামের বাসিন্দা, বলেন, এখানে যাঁরা দাঁড়িয়ে রয়েছেন তাঁদের পরিস্থিতি দেখলেই বোঝা যায় তাঁরা প্রকৃতপক্ষে প্রয়োজনীয় সুবিধার দাবিদার। তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান, যোগ্য সকল মানুষকে প্রকল্পের সুবিধা দেওয়া হোক এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হোক।

এখন জয়েন্ট BDO-র সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন বিক্ষোভকারীরা।

Address

Kolkata
700059

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Watch News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share