11/07/2026
সাত বছর পর ধারাবাহিক 'ভোলেবাবা পার করেগা'র মাধ্যমে ছোটপর্দায় ফিরেছিলেন মধুমিতা সরকার। দীর্ঘ বিরতির পর তাঁর প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়। তবে গল্পে সময়ের বড় পরিবর্তন দেখানোর জন্য ধারাবাহিকে পরে মধুমিতার জায়গায় নতুন নায়িকাকে আনা হয়। এরই মধ্যে শুক্রবার আবার নতুন করে গুঞ্জন ছড়ায় যে, তিনি নাকি এসভিএফ প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন। শোনা যায়, তাঁর বিপরীতে থাকবেন 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকের অভিনেতা শুভ্রজিৎ সাহা। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী লেখা চট্টোপাধ্যায়কে। এই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়।
খবর অনুযায়ী, শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনির এসভিএফ প্রযোজনা সংস্থার আগামী ধারাবাহিকের নাম হতে পারে 'ত্রয়ী'। এই ধারাবাহিকটি স্টার জলসায় সম্প্রচারিত হবে বলেও জল্পনা ছড়ায়। সংস্থার শেষ সম্প্রচারিত ধারাবাহিক ছিল 'চিরদিনই তুমি যে আমার'। মধুমিতা এর আগেও এসভিএফের একাধিক ছবি এবং সিরিজে কাজ করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য কাজের তালিকায় রয়েছে 'চিনি', 'দিলখুশ', 'কুলের আচার'। সেই কারণে অনেকেই মনে করেছিলেন, একই প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক দিয়েই হয়তো আবার নিয়মিত টেলিভিশনে ফিরবেন অভিনেত্রী। তবে এই জল্পনার মধ্যেই মধুমিতা নিজেই বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য দেন।
অভিনেত্রী জানিয়েছেন, তাঁকে নিয়ে ছড়ানো এই খবর সম্পূর্ণ ভু'য়ো। তাঁর কথায়, "সদ্য একটি ছবির কাজ শেষ করলাম। ‘অটবী’ সহ এ বছর তিনটি ছবি মুক্তি পাবে আমার।" তিনি আরও জানান, চলতি বছরে আরও দুটি ছবি এবং একটি সিরিজে কাজ করার বিষয়ে পরিচালকদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। এর মধ্যে একটি বড় বাজেটের বাংলা ছবি রয়েছে, যার প্রযোজক বলিউডের। তাই আপাতত ছোটপর্দায় ফেরার কোনও পরিকল্পনা তাঁর নেই। সমাজমাধ্যমে মাঝেমধ্যেই তাঁকে নিয়ে নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে বলেও জানান অভিনেত্রী। ফলে নতুন ধারাবাহিকে তাঁর অভিনয়ের যে খবর ছড়িয়েছে, তা একেবারেই সত্যি নয় বলে স্পষ্ট করেছেন মধুমিতা।