30/08/2026
ধুলিয়ান বাজারে প্রশাসনের যৌথ অভিযান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম খতিয়ে দেখলেন আধিকারিকরা
ধুলিয়ান বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে এবার তৎপর প্রশাসন। রবিবার সকাল থেকেই ধুলিয়ান বাজারে যৌথভাবে অভিযান চালান প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বাজারে পৌঁছে প্রথমেই পাইকারি ও খুচরো বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্তমান দাম খতিয়ে দেখেন তাঁরা।
বিশেষ করে চিনির পাইকারি বাজারদর, ভোজ্যতেল সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম কত রয়েছে, তা সরেজমিনে পরিদর্শন করেন প্রশাসনিক আধিকারিকরা। বাজারে কোনও পণ্যের দাম অস্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হয়।
অভিযানের সময় একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন আধিকারিকরা। বাজারে পণ্য কেনাবেচার ক্ষেত্রে নির্ধারিত মূল্য ও সরকারি নির্দেশিকা মানা হচ্ছে কি না, সে বিষয়েও ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়।
শুধু পণ্যের দাম যাচাই নয়, ব্যবসায়ীদের বিভিন্ন কাগজপত্র ও নথিও খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। ব্যবসায়িক লাইসেন্স, পণ্য কেনাবেচা সংক্রান্ত নথি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঠিক রয়েছে কি না, তাও পরীক্ষা করা হয়।
প্রশাসনের এই আকস্মিক যৌথ অভিযানকে ঘিরে ধুলিয়ান বাজারে চাঞ্চল্য ছড়ায়। সাধারণ মানুষের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ে মাঝেমধ্যেই অসঙ্গতি দেখা যায়। সেই পরিস্থিতিতে প্রশাসনের এই নজরদারি বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন ক্রেতারা।
এদিনের অভিযানে প্রশাসনিক আধিকারিকরা ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে ব্যবসা করার পাশাপাশি পণ্যের সঠিক মূল্য বজায় রাখার বিষয়েও সতর্ক করেন। আগামী দিনেও বাজারদর ও ব্যবসায়ীদের নথিপত্র নিয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে।