09/13/2026
ভয়টা মানুষ
এইচ বি রিতা
জঙ্গলে বাঘ থাকে, জানি।
ক্ষুধা লাগলে খায়,
পেট ভরলে ঘুমায়।
ওরা হিসাব রাখে না।
ভয় পেও না কুকুরটাকে,
ও ঘেউ ঘেউ করে, কামড়ায় না যদি না তুমি
ওর বাচ্চার দিকে হাত বাড়াও।
ভয় পেও না সাপটাকে,
ওর রাস্তা ছেড়ে দিলে সেও রাস্তা ছেড়ে দেয়।
আসল জানোয়ারটা জঙ্গলে থাকে না, বাছা!
আসলটা থাকে ঘরে -
ডাইনিং টেবিলে বসে থাকে,
তোমার ভাতের থালা থেকে ভাগ নেয়,
আর হাসতে হাসতে তোমার স্বপ্নটা চিবিয়ে খায়।
ওটা বাইরে ডাকে না, দরজা খুলেই ঢোকে,
চাবি ওর কাছেই থাকে।
বাঘ ক্ষুধায় মারে,
ও মারে অভ্যাসে।
আসল জানোয়ারটা থাকে প্রধান সড়কের বারে,
হাসিমুখে বসে থাকে।
টাই পরে, জুতো পালিশ করে,
তোমাকে বুকে জড়িয়ে ধরে পিঠে ছুরি ঢুকায়।
আমি রাত ৩টায় ডেট্রয়েটের গলিতে হেঁটেছি,
রাত ২টায় ঢাকার গলিতে পা রেখেছি।
নেকড়ে দেখেছি, ভয় লাগেনি।
ভয় লেগেছে মানুষ দেখে -
যে দুই টাকার জন্য বন্ধুকে বিক্রি করে দেয়,
যে প্রার্থনার পরেই মিথ্যা বলে,
যে ভালোবাসি বলে গলা টিপে ধরে।
পশুরা মারে বাঁচার জন্য।
মানুষ মারে মজা করার জন্য।
তাই জঙ্গলে গেলে নিশ্চিন্তে ঘুমাও।
শহরে গেলে এক চোখ খোলা রেখো।