19/07/2026
বিশ্বকাপের গোল্ডেন বুটের স্বপ্ন হয়তো অধরাই থেকে গেল মেসির। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে আরও একবার আর্জেন্টাইন জাদুকরকে পেছনে ফেললেন কিলিয়ান এমবাপে।
এই নিয়ে চলতি বিশ্বকাপে এমবাপের গোলসংখ্যা দাঁড়াল ১০টিতে, যা মেসির চেয়ে দুই গোল বেশি। ফলে গোল্ডেন বুট জিততে হলে ফাইনালে স্পেনের বিপক্ষে মেসিকে করতে হবে অন্তত দুই গোল। তবে ম্যাচটা যেহেতু বিশ্বকাপের ফাইনাল, মেসি নিজের অর্জনের চেয়ে দলের শিরোপা জয় নিয়েই বেশি ভাবেন। নিজে গোল করতে না পারলে সতীর্থকে দিয়ে গোল করাতে দ্বিধা করবেন না তিনি — গোল্ডেন বুটের হিসাব হয়তো মাথাতেই রাখবেন না।
এর আগে ২০২২ বিশ্বকাপেও এমবাপের কারণেই গোল্ডেন বুট অধরা থেকে গিয়েছিল মেসির। সেবার ৮ গোল করে সোনার বুট জিতেছিলেন ফরাসি তারকা, মেসির ছিল ৭ গোল। এবারও একই দৃশ্যের পুনরাবৃত্তি হলে মেসির ক্যারিয়ারের এই অপূর্ণতা রয়েই যাবে।
বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও এখন এমবাপে ২২ গোল নিয়ে শীর্ষে। মেসির ২১ গোলের চেয়ে এক গোল বেশি। বিশ্বকাপ জিততে না পারলেও ব্যক্তিগত অর্জনের লড়াইয়ে মেসিকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে গেলেন এমবাপে🇫🇷⚽️