30/05/2026
একই সত্যের বহু প্রকাশ: মহাত্মা কবীর থেকে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর
“মন চাঙ্গা তো কঠৌতি মে গঙ্গা”
— মন যদি পবিত্র ও পরিষ্কার থাকে, তবে ঘরের কাঠের পাত্রের সাধারণ জলেই গঙ্গার পুণ্য লাভ হয়। ঈশ্বরকে খোঁজার জন্য মথুরা বা কাশী যাওয়ার প্রয়োজন নেই। আজ থেকে প্রায় সাড়ে ছয়শত বছর আগে ভারতের বারাণসীতে জন্ম নেওয়া এক সাধারণ তাঁতি তাঁর এই চারণ-বাণীর মাধ্যমে সমাজের ভন্ডামি ও বাহ্যিক আড়ম্বরের মুখে এক চরম চপেটাঘাত করেছিলেন।
তিনি মহাত্মা কবীর দাস।
মধ্যযুগের ভক্তি আন্দোলনের এই মহান মরমি কবি ও সমাজ সংস্কারক কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না। কিন্তু তাঁর সহজ-সরল দুই লাইনের কবিতা বা ‘দোহা’র মধ্যে লুকিয়ে ছিল জীবন ও আধ্যাত্মিকতার এমন গভীর সত্য, যা আজও সমান প্রাসঙ্গিক।ইতিহাস সাক্ষী দেয়, যুগে যুগে মনীষীগণ ধর্মের এই একই শাশ্বত বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে গেছেন। তাঁদের দেশ বা কাল ভিন্ন হলেও, সত্যের মূল সুরটি ছিল এক এবং অভিন্ন। তাঁদের মধ্যে অন্তরের দিক থেকে কোনো প্রভেদ ছিল না। কবীর দাস উত্তর ভারতে যে সত্য সহজ ভাষায় বলেছিলেন, ঠিক সেই একই পরম সত্য বাংলার মাটিতে আরও সাবলীল, সহজ ও অর্থপূর্ণ ভাষায় প্রচার করেছিলেন
মতুয়া ধর্মের প্রবর্তক শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর।
তিনি গেয়েছিলেন:
“গৃহেতে থাকিয়ে যার হয় ভাবোদয়।সেই তো পরম সাধু জানিবে নিশ্চয়।।”
তৎকালীন সমাজের অবহেলিত ও সাধারণ মানুষের কাছে হরিচাঁদ ঠাকুরের এই বাণী ছিল এক পরম আশীর্বাদ। লোকায়ত মানুষ খুব সহজেই এই সরল সত্যটি বুঝতে পেরেছিল এবং তা সানন্দে গ্রহণ করেছিল। অরণ্যে গিয়ে বা সংসার ত্যাগ করে নয়, বরং নিজের ঘরে থেকে, সৎ পথে চলে, মানুষের সেবা করেই যে পরম সাধু হওয়া যায়—এই সহজ শিক্ষা সাধারণ মানুষকে এক নতুন আত্মবিশ্বাস জুগিয়েছিল।
কবীরের ‘মন চাঙ্গা’ রাখা আর হরিচাঁদ ঠাকুরের ‘গৃহে ভাবোদয়’ হওয়া আসলে একই মুদ্রার দুটি পিঠ।
উভয় সাধকই মানুষকে ধর্মীয় পরিচয়ে না দেখে মানুষের মনের বিশুদ্ধতা ও মানবতাবাদকে গুরুত্ব দিয়েছেন। তাঁরা প্রমাণ করেছেন যে, কর্ম ও সংসার কোনোটিই আধ্যাত্মিকতার পথে বাধা নয়, যদি মন পবিত্র থাকে।আজকের এই জটিল, কৃত্রিম এবং বাহ্যিক আড়ম্বরে পূর্ণ পৃথিবীতে এই মহান পুরুষদের বাণী আরও বেশি প্রাসঙ্গিক। ধর্মের নামে যখন বিভেদ তৈরি হয়, তখন কবীর দাস ও হরিচাঁদ ঠাকুরের এই সহজ-সরল শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে—ঈশ্বর কোনো দূরবর্তী মন্দিরে বা তীর্থে নন, তিনি আছেন মানুষের শুদ্ধ অন্তরে ও পরোপকারে। এই আত্মোপলব্ধি যদি আজ আমাদের মাঝে ফিরে আসে, তবে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ মুছে এক মানবিক পৃথিবী গড়ে উঠবে।
Mintu Kanty Roy