04/03/2013
‘সাঈদী নাকি চাঁন্দে, জেলে বইয়া কান্দে’
‘ওরা বলে চাঁন্দে, জেলে বইয়া কান্দে‘। ফাঁসির দণ্ডপ্রাপ্ত শীর্ষ যুদ্ধাপরাধী কারারুদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি চাঁদে দেখা গেছে বলে জামায়াত-শিবিরের ছড়ানো গুজব নিয়ে এমন স্লোগান দেওয়া হচ্ছে শাহবাগের গণজাগরণ চত্বরে।
সোমবার বিকেলে গণজাগরণ মঞ্চ থেকে নতুন এ স্লোগান তৈরি হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে গণজাগরণ চত্বরে গণআন্দোলনকারী জনতার মাঝে। গণজাগরণ মঞ্চ থেকে দেওয়া স্লোগানটির সঙ্গে কণ্ঠ মেলান সমবেত জনতা।
কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ চত্বরের গণআন্দোলনের ২৮তম দিন সোমবার। এদিনের স্লোগানে সাঈদী ও হরতালবিরোধী স্লোগান প্রাধান্য পায়। এতে আরও ছিল- ‘সাঈদী নাকি চাঁন্দে, জেলে বইয়া কান্দে, সাঈদী নাকি চাঁন্দে, ফাঁন্দে পাইড়া কান্দে’।
এ সময় জনতার কাছে প্রশ্ন করা হয়, ‘‘আপনারা কি কেউ চাঁদে সাঈদীকে দেখেছেন!’’ তখন জনতা সমস্বরে জবাব দেন, ‘‘না না না।’’
‘সাঈদী বলো, নিজামী বল, কিছুই রবে না-রে, জামাত বলো শিবির বলো, কিছুই রবে না-রে, নানা-হে’ গানের সুরে সুরেওএমন স্লোগান দেওয়া হয়।
স্লোগানে স্থান করে নেয়, ‘পাড়ায় পাড়ায় বিগ্রেড গড়ো, জামায়াত-শিবির ধোলাই করো’, ‘বাঁশের লাঠি তৈরি করো, জামাত-শিবির ধোলাই করো’, ‘অবৈধ হরতাল মানি না, মানব না’ ইত্যাদিও।
কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শাহবাগ মোড়ে এ বিক্ষোভের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। এরপর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা এ গণআন্দোলনে যোগ দেন। এই আন্দোলনের ঢেউ দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে প্রবাসেও। নানা শ্রেণী-পেশার মানুষ এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছে। প্রতিদিনই যেনো বাড়ছে এ গণজোয়ারে আসা মানুষের সংখ্যা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।