17/08/2026
ফেনী সীমান্তে ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
ফেনী ও চট্টগ্রামের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫৫ লাখ ৪০ হাজার ৮০৫ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে রোববার দিনভর ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে একাধিক বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চকলেট, বিস্কুট, কসমেটিকস, সুগন্ধি তেল ও ওষুধসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, জব্দকৃত পণ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের বিস্তার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ টহল জোরদার করা হয়েছে। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।