18/06/2026
বরিশালে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় আঞ্চলিক বিপণন কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে বরিশালে বিভাগীয় ‘আঞ্চলিক বিপণন কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার-ডিএএম অংগ)" প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
গতকাল ১৮ জুন (বৃহস্পতিবার) বরিশালের গড়িয়ার পাড়স্থ ব্র্যাক লার্নিং সেন্টারে দিনব্যাপী এই কর্মশালা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমেদ। কৃষি বিপণন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক জনাব এস. এম. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ উইংয়ের পরিচালক জনাব ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও পল্লী উন্নয়ন বিভাগের অধ্যাপক জনাব ড. মোঃ মামুন-উর-রশিদ এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বরিশালের আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ড. মুহাম্মদ আশিক ইকবাল খান।
কর্মশালায় বক্তারা দেশের কৃষি খাতের উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ রূপান্তর এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও অংশীজনরা এই কর্মশালায় অংশ নেন।
এছাড়া বরিশাল বিভাগের ৬ টি জেলা থেকে অন দা জব প্রশিক্ষণ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তারা তাদের উদ্ভাবিত পন্য সামগ্রী প্রদর্শন করেন। এ সময় উদ্যোক্তারা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। পরে কর্মকর্তারা উদ্যোক্তাদের বিভিন্ন সহোযোগিতায় আশ্বাস প্রদান করে তারা বলেন আমাদের দেশের এক নাম্বার পেশা হচ্ছে কৃষি। এখন শিক্ষিত যুবক যুবতীদের এই পেশায় আশা উচিত। বহির্বিশ্বে কৃষকেরা সবচেয়ে বেশি সম্মানিত হয়।
কৃষি পন্য প্রসেসিং করে উদ্ভাবিত পন্যের চাহিদা এখন ব্যপক বৃদ্ধি পাচ্ছে। তাই এখন আর কোনো পন্য নষ্ট হবেনা। এই তরুন উদ্যোক্তারা বিভিন্ন জেলায় জেলায় কাজ শুরু করলে খুব দ্রুত কৃষি পন্যের চাহিদা পূরন করে লাভবান হবে। তাই বর্তমানে বেকার যুবক যুবতীদের এই পেশায় আশার অনুরোধ জানায় কর্মকর্তারা।