20/08/2026
কোস্টগার্ডের মহাপরিচালক হলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মইনুল হাসান
ভোলা প্রতিনিধি ।।
বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ভোলার সন্তান ও বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. মইনুল হাসান। বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ডের বর্তমান মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে সশস্ত্র বাহিনী বিভাগে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন রিয়ার অ্যাডমিরাল মো. মইনুল হাসান।
রিয়ার অ্যাডমিরাল মইনুল হাসান ভোলার কৃতী সন্তান। তিনি ভোলা সরকারি বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। দীর্ঘ কর্মজীবনে মেধা, দক্ষতা, নেতৃত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব পাওয়ায় ভোলার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করেছেন।
স্থানীয়রা আশা করছেন, রিয়ার অ্যাডমিরাল মইনুল হাসানের অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে দেশের উপকূলীয় নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা রক্ষা এবং উপকূলীয় জনগণের নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড আরও কার্যকর ভূমিকা রাখবে।
ভোলার সন্তান হিসেবে তাঁর এ নিয়োগকে জেলার মানুষের জন্য গৌরবের অর্জন হিসেবে দেখছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁরা রিয়ার অ্যাডমিরাল মো. মইনুল হাসানের সুস্বাস্থ্য ও নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন।