21/06/2026
অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়ার ১০ দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ। তাঁর স্ত্রী আফরা ইভনাত ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় এই আবেদন করা হয়। রিমান্ড শুনানিতে ডিবি জানায়, বিভিন্ন পরনারীর সঙ্গে ছবি তুলে ফেসবুকে উসকানিমূলক পোস্ট করতেন আলভী।ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন আলভী। আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করে তাঁর পরিবার। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ওই রাতেই মিরপুর থানায় মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান।
মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।