07/08/2026
প্রশ্ন এখন একটাই ভোলাই যদি নদীগর্ভে বিলীন হয়ে যায়, তাহলে সেতু, মেডিকেল কলেজ, উন্নত চিকিৎসাব্যবস্থা কিংবা হাজার কোটি টাকার উন্নয়ন এসব কার জন্য, কী কাজে আসবে ?
আমি একজন গণমাধ্যমকর্মী। একই সঙ্গে আমি ভোলার একজন নাগরিক এবং এই দ্বীপ জেলার নানা সংকট ও বঞ্চনার একজন ভুক্তভোগী নাগরিক।
দীর্ঘদিন ধরে আমরা ভোলার উন্নয়নের কথা বলে আসছি। ভোলা-বরিশাল সেতু চাই, মেডিকেল কলেজ চাই, উন্নত চিকিৎসাব্যবস্থা চাই, উন্নত যোগাযোগব্যবস্থা চাই। আমাদের জেলায় রয়েছে বিপুল প্রাকৃতিক গ্যাসসহ মূল্যবান প্রাকৃতিক সম্পদ। দেশের অর্থনীতি ও উন্নয়নে ভোলার সম্পদ কাজে লাগছে। অথচ ভোলার মানুষ আজও অনেক মৌলিক সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে।
এর মধ্যেই নতুন করে উদ্বেগ তৈরি করছে বিভিন্ন এলাকায় বালু উত্তোলন।
আমি পরিষ্কার করে বলতে চাই আমি বালু উত্তোলনের বিরুদ্ধে নই। আমি অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের বিরুদ্ধে।
বালু দেশের সম্পদ। দেশের অবকাঠামো নির্মাণ, অর্থনীতি ও উন্নয়নের জন্য বালুর প্রয়োজন রয়েছে। বৈধ ও পরিকল্পিতভাবে বালু উত্তোলন হলে সরকার রাজস্বও পাবে, দেশের উন্নয়নেও তা কাজে লাগবে।
কিন্তু প্রশ্ন হচ্ছে—কোথা থেকে বালু তোলা হচ্ছে? কী পরিমাণ তোলা হচ্ছে? অনুমোদিত সীমা ও নিয়মনীতি মানা হচ্ছে কি না? বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ, তীরবর্তী এলাকা কিংবা মানুষের বসতভিটা ঝুঁকিতে পড়ছে কি না এসব বিষয়ও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
একদিকে নদীভাঙন ঠেকাতে সরকার কোটি কোটি টাকা ব্যয় করবে, জিও ব্যাগ ও ব্লক ফেলবে; অন্যদিকে অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে সেই জনপদই যদি নতুন ঝুঁকির মুখে পড়ে, তাহলে এই উন্নয়ন কতটা টেকসই হবে?
ভোলাই যদি নদীগর্ভে হারিয়ে যেতে থাকে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সেতু, মেডিকেল কলেজ, উন্নত চিকিৎসাব্যবস্থা কিংবা অন্য উন্নয়ন প্রকল্পগুলো শেষ পর্যন্ত কার জন্য হবে?
তাই সংশ্লিষ্ট প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডসহ দায়িত্বশীল সব কর্তৃপক্ষ এবং ভোলার চারটি সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্যদের কাছে অনুরোধ—বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখুন। কোথায়, কার অনুমতিতে, কী পরিমাণ এবং কোন প্রক্রিয়ায় বালু উত্তোলন হচ্ছে, তা যাচাই করা হোক।
যদি কোথাও নিয়মবহির্ভূত, অবৈধ কিংবা জনপদের জন্য ক্ষতিকরভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান যত প্রভাবশালীই হোক, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
আমরা উন্নয়ন চাই। আমরা সেতু চাই, মেডিকেল কলেজ চাই, উন্নত চিকিৎসা চাই। একই সঙ্গে আমরা চাই আমাদের নদী, চর, জনপদ ও মানুষের বসতভিটা নিরাপদ থাকুক।
আগে ভোলার অস্তিত্ব রক্ষা করতে হবে। কারণ ভোলা বাঁচলেই ভোলার উন্নয়ন অর্থবহ হবে।
একজন গণমাধ্যমকর্মী ও ভোলার নাগরিক হিসেবে এটাই আমার দাবি, এটাই আমার অনুরোধ।
বিস্তারিত প্রতিবেদন দেখতে Bholar Bani লিংক কমেন্টে।
সাংবাদিক মোঃ হাসনাইন আহম্মেদ
জেলা প্রতিনিধি (ডিজিটাল), বাংলা টিভি
ভোলার বাণী
হেড অব ডেপুটি ডিজিটাল