05/08/2026
বিয়ের আগে আমি খুব স্বপ্ন দেখতাম, নিজের একটা ছোট্ট সংসার হবে, নিজের হাতে সাজাবো। মন চাইলে শাড়ি পরবো, চোখে কাজল দেবো, বারান্দার গাছে পানি দেবো। একটা সুন্দর, এস্থেটিক ড্রইংরুম, আরামদায়ক একটা বেডরুম, টুকটাক সাজানো গোছানো ঘর। সব আমার মনমতো হবে, মন চাইলেই দূরে কোথাও ঘুরতে যাবো।
বিয়ে হয়েছে ৪ বছর রানিং।
২০২৩ প্রথম বছর কেটে গেল বিয়ের অনুষ্ঠান,স্বামীর অসুস্থতা, এরপর নতুন বাসা নিতে নিতে। এরপর ২০২৪ নিজের সংসারটা বুঝে ওঠার সময়টা আমি নিজে অসুস্থ, তারপর প্রচুর স্ট্রাগলিং করলাম একসময় একটা ছোট্ট বাচ্চা নিয়ে টোনাটুনি একটু ভালো থাকব বলে। ২০২৫ পড়াশোনা শেষ হল। এরপর কনসিভ করলাম। বাবু ৪ মাসের পেটে তখন বাসা ছেড়ে দিলাম, মনে হয়েছিল অবশ্য ছাড়ার সময় যে, কি যেন ছেড়ে যাচ্ছি! আসলে নিজের সংসার ছেড়েছিলাম। যেখানে আমিই সব সিদ্ধান্ত নিতাম, আমিই সেই টোনাটুনির সংসারের সর্বেসর্বা ছিলাম। বাচ্চা পেটে সেই ৮ মাসের সময় চলে গেলাম আম্মুর কাছে, মেয়ে হওয়ার পরে মেয়েকে নিয়ে কখনো বাপের বাড়ি, কখনো শ্বশুরবাড়ি। মেয়ের ৬ মাস রানিং নিজের সংসার শুরু করার সুযোগ পেলেও তখন পর্যন্ত জীবন বদলে গেছে।
সকাল থেকে রাত মেয়েকে নিয়ে, মেয়ের সব কাজ, সংসার এর টুকিটাকি কাজ, নির্ঘুম রাত... এসব দায়িত্বের মাঝে নিজের জন্য একটু দম নেওয়ার সময়ও থাকে না। বিয়ের আগে একটা হলমার্ক ছিল যেখানে বাবা মা বেঁধে দেয় যেভাবেই হোক ভাল রেজাল্ট চাই, ভাল রেজাল্ট এনে দিতে গিয়ে আর ছাত্রজীবন উপভোগ করিনি। বিয়ের পরও সংসার জীবন যেমন ভাবা হয় তেমনভাবে উপভোগ করা যায় না। যে সংসারের স্বপ্ন দেখতাম, সেই সংসার শুধু স্বপ্নেই রয়ে গেলো।
এরপর এই বছর ২০২৬ যেন একের পর এক পরীক্ষা।
ফেব্রুয়ারিতে মেয়ে পেটে থাকা অবস্থায় অক্সিজেন পাচ্ছিল না, রেস্পন্স কম ছিল,হাসপাতালে ভর্তি, মার্চে মেয়ের জন্ম, জুনে মেয়ের নিউমোনিয়া, ব্রংকিওলাইটিস হাসপাতালে ভর্তি। কিছুদিন পর আবার মেয়ে অসুস্থ এখানে ওখানে দৌড়াদৌড়ি। ইভেন এখনো মেয়ে পুরোপুরিসুস্থ নয়। মেয়ের একের পর এক অসুখ মানেই মাথা ভর্তি দুশ্চিন্তা!
এর মাঝে কখন যে নিজের শখগুলো হারিয়ে ফেলেছি, বুঝতেই পারিনি।
এখন আর কোনো শখ কাজ করে না। শুধু চাই পরিবারটা সুস্থ থাকুক, আর্থিক নিরাপত্তা থাকুক, আর আল্লাহ আমাদের নেক হায়াত দান করুন।
কখনো কখনো জীবন আমাদের শিখিয়ে দেয়, সবচেয়ে বড় বিলাসিতা আসলে সুন্দর পরিপাটি ঘর নয় বরং প্রিয় মানুষগুলোকে সুস্থ অবস্থায় পাশে পাওয়া।
✍️নিরা
August 5, 2026