28/03/2026
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহাসিক কুল্লাপাথর শহীদ স্মৃতিসৌধ ও গণকবরে এক যুবকের অমর্যাদাকর আচরণের ছবি নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছবিতে দেখা যায়, এক যুবক মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের কবরের ওপর সরাসরি বসে পোজ দিয়ে ছবি তুলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে নিন্দার ঝড় উঠেছে।
উল্লেখ্য যে, ইসলাম ধর্মে কবরের ওপর বসা বা পা রাখার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। হযরত মুহাম্মদ (সা.) এর হাদিস অনুযায়ী, কবরের ওপর বসা বা পা রাখা জঘন্য অপরাধ। ইসলামে কবরকে সম্মান করতে এবং তার ওপর দিয়ে হাঁটাচলা না করতে নির্দেশ দেওয়া হয়েছে এমনকি কবরের উপর হাঁটাকে জ্বলন্ত কয়লার উপর হাঁটার চেয়েও খারাপ বলা হয়েছে।
স্থানীয়রা একে বীর শহীদদের প্রতি চরম অবমাননা ও ধর্মীয় অনুভূতির পরিপন্থী হিসেবে দেখছেন। নেটিজেনরা এই ন্যাক্কারজনক ঘটনার জন্য দায়ী যুবকের শাস্তি এবং স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।