20/08/2026
🌳✅🫴মরুভূমিকে সবুজায়নের আওতায় আনতে প্রযুক্তিনির্ভর বড় একটি পরিবেশগত কর্মসূচি হাতে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন, স্যাটেলাইট ও রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে দেশটির বিভিন্ন মরু এলাকায় প্রায় ১ কোটি দেশীয় উদ্ভিদের বীজ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
✅🫴পরিবেশ সংরক্ষণ ও মরুকরণ মোকাবিলার পাশাপাশি স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমানোই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য। এনভায়রনমেন্ট এজেন্সি–আবু ধাবির তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হবে কর্মসূচিটি।
✅🫴এ প্রকল্পে স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম ঘাফ, সামার, আরতা, শোয়া, রাঘাল ও থামামসহ বিভিন্ন দেশীয় উদ্ভিদের বীজ ব্যবহার করা হবে। কোন এলাকায় কোন প্রজাতির বীজ ছড়ানো হবে, তা নির্ধারণে মাটির ধরন, লবণাক্ততা, আর্দ্রতা ও অন্যান্য পরিবেশগত তথ্য বিশ্লেষণ করবে এআই প্রযুক্তি।
✅🫴স্যাটেলাইটের ছবি, রিমোট সেন্সিং এবং জিওস্পেশিয়াল ডেটার মাধ্যমে উপযুক্ত স্থান চিহ্নিত করে আকাশপথে বীজ ছড়িয়ে দেওয়া হবে। আল শুয়াইইব, সুইহান, নাহিল, আল হায়ের ও আল রাওদাহের পাশাপাশি আল ঘাদা নেচার রিজার্ভ এবং আল ধাফরার সংরক্ষিত এলাকাতেও এ কার্যক্রম পরিচালিত হবে।
✅🫴শুধু বীজ ছড়িয়ে দিয়েই প্রকল্পের কাজ শেষ হবে না। পরবর্তী দুই বছর ড্রোন ও মাঠপর্যায়ের পর্যবেক্ষণের মাধ্যমে বীজের অঙ্কুরোদ্গম, উদ্ভিদের বৃদ্ধি এবং সংশ্লিষ্ট এলাকার বাস্তুতন্ত্রে পরিবর্তন পর্যবেক্ষণ করা হবে।
✅🫴বিশেষজ্ঞদের মতে, দুর্গম মরুভূমি এলাকায় প্রচলিত পদ্ধতিতে একে একে গাছ লাগানোর তুলনায় ড্রোনের মাধ্যমে বিস্তীর্ণ এলাকায় বীজ ছড়িয়ে দেওয়া তুলনামূলক দ্রুত এবং ব্যয় সাশ্রয়ী। উদ্যোগটি সফল হলে স্থানীয় উদ্ভিদের বিস্তার বাড়ার পাশাপাশি মাটির ক্ষয় ও বালুঝড়ের প্রবণতা কমতে পারে। একই সঙ্গে বন্যপ্রাণীর আবাসস্থল উন্নত হওয়া এবং উদ্ভিদের মাধ্যমে কার্বন ডাই-অক্সাইড শোষণের পরিমাণ বাড়ার সম্ভাবনাও রয়েছে।
#প্রবাসী