04/06/2026
সন্তানেরা খেয়াল রাখলে কীভাবে নূরজাহান বেগমের ঘর এত নোংরা হয়েছিল?
মিরপুরে মেজো মেয়ে ফাতিমা নাসরীন সুলতানার বাসা থেকে গত ৩১ মে বৃদ্ধা নূরজাহান বেগমের পচাগলা লাশ উদ্ধার করা হয়। এরপরই ঘরের নোংরা ও বসবাসের অনুপযোগী পরিবেশের বিষয়টি সামনে এলে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মনে এই প্রশ্নটি তীব্র হয়ে ওঠে। এবার সেই সমালোচনার মুখে এই নোংরা পরিবেশের পেছনের পারিবারিক কারণ ব্যাখ্যা করেছেন বৃদ্ধার ছোট ছেলে ও বুয়েট অধ্যাপক এ কে এম আশিকুর রহমান।
আশিকুর রহমানের দাবি, ঘর নোংরা থাকার পেছনে মূলত তার মা ও বোনের মানসিক স্বাস্থ্য এবং কিছু নিজস্ব স্বভাব দায়ী ছিল। প্রথমত, তার বোন ফাতিমা নাসরীন ২০১৭ সালে স্বামী হারানো এবং কোনো সন্তান না থাকায় জীবনের প্রতি উৎসাহ হারিয়ে ফেলেছিলেন। তিনি নিজে শিক্ষকতা করার পাশাপাশি মানসিক অবসাদের কারণে ঘরদোর পরিষ্কার রাখতে পারতেন না।
দ্বিতীয়ত, বাইরে থেকে কেউ এসে ঘরে কাজ করুক—এটি তার মা কিংবা বোন কেউই পছন্দ করতেন না। আশিকুর রহমান নিজে উদ্যোগ নিয়ে কাজের মানুষ ঠিক করে পাঠালেও এক সপ্তাহের মধ্যেই তাকে বিদায় করে দেওয়া হয়।
এর বাইরে তার মায়ের মধ্যেও সবকিছু নিয়ে চরম সন্দেহবাতিকতা ছিল, যা সিজোফ্রেনিয়ার লক্ষণের সঙ্গে মেলে। ফলে ভাই হিসেবে বা সন্তান হিসেবে আগবাড়িয়ে কিছু করতে গেলে মা উল্টো সন্দেহ করবেন—এই ভয়ে তাদের আসলে আর কিছুই করার ছিল না।
নূরজাহান বেগম যেভাবে নোংরা পরিবেশে মারা গেছেন, তা কিছুটা অস্বাভাবিক এবং এ নিয়ে সমালোচনা হতে পারে বলে স্বীকার করেন আশিকুর রহমান। তবে এই পারিবারিক অসহায়ত্ব ও ট্র্যাজেডিকে পুঁজি করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।
ওনার এই কথাগুলো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে ?