13/12/2025
*কুরআনের আলোকে রামাদান প্রস্তুতি পর্ব ২। 🌷*
রামাদানের আগে হৃদয় নরম করে দেওয়ার জন্য, গাফিলতি ভাঙার জন্য সবচেয়ে নাড়া দেওয়া আয়াতগুলোর একটি হলো সূরা হাদীদের ১৬ নম্বর আয়াত:
﴿ أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ ﴾
মুমিনদের জন্য কি এখনও সময় আসেনি— যে তাদের হৃদয় আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তার সামনে বিনীত হবে?
📌 কেন এই আয়াত রামাদান প্রস্তুতির জন্য অসাধারণ?
এই আয়াতটি সরাসরি আমাদের হৃদয়ের দিকে প্রশ্ন ছুড়ে দেয়। এটা কোনো সাধারণ প্রশ্ন নয়। আল্লাহ নিজেই জিজ্ঞেস করছেন, 'এখনও কি সময় হয়নি?’
নামাজ পড়ছি, কুরআন পড়ছি, রোজাও রাখি— তারপরও আমাদের হৃদয় কেন এত শক্ত? কেন আমরা এত অবিচার করি? কেন আমরা দোয়া করি, কিন্তু চোখে পানি আসে না কেন? কুরআনের আয়াত শুনি, কিন্তু ভেতরে কাঁপন লাগে না কেন?
রামাদানকে সফল করতে হলে শুধু আমলের লিস্ট বাড়ালেই হবে না, হৃদয়কেও ইখলাস পূর্ণভাবে নরম করতে হবে। বিগলিত করতে হবে। রামাদান এমন একটি মাস, যেখানে এমনভাবে আত্মশুদ্ধির প্রশিক্ষণ চালাতে হবে যেন আমাদের অন্তর বিনীত হয়, অহংকার ভাঙে, গাফিলতি ঝরে পড়ে। আর এই আয়াত আমাদের প্রস্তুতির জায়গাটা ঠিক করে দেয়— আমার হৃদয় কি সত্যিই আল্লাহর জন্য নরম হচ্ছে?
📌 রামাদান প্রস্তুতিতে এই আয়াতটি কিভাবে ব্যবহার করবেন?
প্রতিদিন একটু থেমে নিজের সাথে চেক করুন, আমার হৃদয় কি এখনো শক্ত হয়ে আছে? আমার নিয়তের কি অবস্থা?
নিজের সাথে সৎ হয়ে ভাবুন— কেন আমার নামাজে মন বসে না?
কুরআন পড়লে কেন শুধু চোখ বুলানো হয়? তওবা করতে মন-জুড়ে লজ্জা আসছে না কেন? দোয়ার সময় কেন মন ছুটে যায়?
তারপর প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নিন—
১) কুরআন পড়ার আগে দু’মিনিট চুপ করে বসব। ফোনটাকে ১০ মিনিটের জন্য বাক্সবন্দি করব।
২) দুয়ার সময় আজকে থেকে আর তাড়াহুড়া করব না।
৩) গুনাহ নিয়ে নিজেকে জাস্টিফাই করব না।
৪) অন্তর শক্ত হলে আল্লাহর কাছে স্বীকার করব, দুআ করবো— ইয়া আল্লাহ, আমার অন্তর যে খুব গাফেল হয়ে গিয়েছে, আমার অন্তর নরম করে দাও। আমাকে বিশুদ্ধ নিয়ত এবং কবুলিয়াত আমল দান করুন রামাদানের ভেতরে এবং বাহিরে। আমিন
ইসলামিক ওয়াজ