04/08/2026
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, ঘরছাড়া ৬৫ হাজারের বেশি মানুষ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলের বিস্তার অব্যাহত রয়েছে। আগুনের কারণে অন্তত ৬৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে এখন পর্যন্ত প্রায় ৭০০টি বাড়িঘর পুড়ে গেছে বলে জানিয়েছে আমেরিকান রেড ক্রস।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পোকেন কাউন্টি। সেখানে শত শত বসতবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। জরুরি আশ্রয়কেন্দ্রে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাদ্য, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।
দাবানলের ঘটনায় স্পোকেন কাউন্টি পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তদন্তকারীদের ধারণা, তিনি ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর সঙ্গে জড়িত। বিশেষ করে ‘ওল্ড ট্রেইলস ফায়ার’ নামে পরিচিত দাবানলের সূত্রপাতের ঘটনায় তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী, উদ্ধারকারী দল ও বিমান মোতায়েন করা হয়েছে। কিছু এলাকায় আবহাওয়ার উন্নতির কারণে আগুন নিয়ন্ত্রণে অগ্রগতি হলেও স্পোকেন ও স্টিভেন্স কাউন্টির কয়েকটি অংশে পরিস্থিতি এখনও উদ্বেগজনক।
শনিবার শুরু হওয়া এই দাবানলে ইতোমধ্যে প্রায় ৮ হাজার একর জমি পুড়ে গেছে। একই সঙ্গে ওয়াশিংটনের অন্যান্য এলাকাতেও একাধিক বড় দাবানল ছড়িয়ে পড়েছে।
বজ্রপাতের সূত্রে শুরু হওয়া সিনলাহেকিন দাবানলে প্রায় ৮৫ হাজার একর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে ৮২০ জনের বেশি কর্মী কাজ করছেন।
এদিকে, লিটল জায়ান্ট ফায়ার নামে আরেকটি দাবানলে ওকানোগান-ওয়েনাচি ন্যাশনাল ফরেস্টের ৫১ হাজার একরেরও বেশি বনভূমি পুড়ে গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিনের খরা, তীব্র তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া এবং দমকা বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা জারি রেখে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
#দাবানল