27/05/2026
আমি নিজস্ব সত্তার সঙ্গে বহুকাল যাবৎ এক অদৃশ্য দ্বন্দ্বে লিপ্ত—
স্ব-অস্তিত্বকে অন্বেষণের ক্লান্তিকর অভিযাত্রায় প্রতিনিয়ত অবগাহন করেছি জনারণ্যের কোলাহলে,
অসংখ্য মুখের ভিড়ে প্রত্যাবর্তনের প্রতিটি ক্ষণে খুঁজেছি এক নির্ভেজাল আশ্রয়,
কিন্তু পরিহাস—যে সত্তা আমাকে ভালোবাসে, তাকে ভালোবাসিবার সৌভাগ্য আমার ভাগ্যে জোটেনি বহুকাল।
অনুভূতির অবদমিত অভিঘাতে, ভালোবাসা শব্দটি আজ যেন এক পরাবাস্তব প্রতিধ্বনি—
যা কেবলই প্রতীক্ষার নির্জন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক অন্তিম ট্রেন,
যে ট্রেন অদৃশ্য গন্তব্যে ছুটে যায়, রেখে যায় অপ্রকাশিত আবেগের ধূসর ধ্বংসাবশেষ।
আমি নিজেকে স্পর্শ করিবার সাহস হারিয়েছি,
আত্মার আয়নায় নিজ প্রতিচ্ছবিও আজ অপরিচিত লাগে;
ভালোবাসার সক্ষমতাও যেন ক্ষীয়মাণ—
সময়ের নির্দয় প্রবাহে বিলীয়মান হয়ে গেছে হৃদয়ের স্পন্দিত উষ্ণতা।
বেলা গড়িয়ে যায়, অস্তিত্বের প্রান্তর শূন্যতায় পরিপূর্ণ হয়,
আর মানুষের শরীরের গভীরে, নিঃশব্দে, অবচেতনভাবে
জমাট বেঁধে থাকে অনির্বচনীয় আক্ষেপ—
যা একদিন রূপ নেয় অন্তিম আর্তনাদে।
হয়তো এটাই জীবনের নির্মম পরিহাস—
যেখানে ভালোবাসা থাকে, কিন্তু তার প্রাপ্যতা থাকে না;
যেখানে হৃদয় থাকে, কিন্তু তার ভাষা হারিয়ে যায়—
আর মানুষ, নিজেকেই ভালোবাসতে না পেরে,
চিরকাল খুঁজে ফেরে এক অনুপস্থিত সত্তার অমোঘ অনুরণন।