19/03/2026
আমার কাকা শফিক সরকার গত-১৬/০৩/২০২৬খ্রিঃ রাত ১০.৩০ ঘটিকার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হার্নিয়া অপারেশন পরবর্তীতে সময় কার্ডিয়াক এরেস্ট(হার্ট অ্যাটাক) করে মৃত্যুবরন করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমার কাকা ছিল আমার প্রতিটি সামাজিক কাজের এবং ভাল কাজের পথ প্রদর্শক। আমাদের সমাজের প্রতিটি সামাজিক কাজের অংশীদারিত্ব ছিল আমার কাকা। পরিবারের প্রয়োজনে তিনি প্রায় ২৭ বছর সৌদি আরব ছিলেন। কাকা প্রবাসে থাকলেও সমাজের যেকোন কাজেই সবাই কাকার অপেক্ষায় থাকতেন। হয় উপস্থিতি, না হয় পরামর্শ। আমি প্রায় ২২বছর চাকরী সূত্রে বাড়ির বাহিরে। যখনই বাড়ি যেতাম কাকা যদি বাড়িতে থাকতেন তবে আমি কখন খেয়েছি, কোথায় খেয়েছি, উনার ঘরে খাওয়ার জন্য প্রত্যক বেলায়ই ডাক দিতেন। আমার আম্মাত সবসময় বলতেন, ”তুই শফিক এর পোলা, তাই তার ঘরেই খাছ, আমার রান্না খাছনা”। যদি কাকা সৌদি আরব থাকতেন তবে চাচিকে অবশ্যই প্রত্যক বেলাই আমার খাবার-দাবারের বিষয়ে জিজ্ঞাসা করতেন। এই যে একটা দায়িত্ববোধ ভাতিজার প্রতি এটা আসলেই সবাই করতে পারেনা, যেটা শফিক কাকাই সবসময় করতেন। আহা কিযে ভাল লাগতো, বাড়ি গেলেই সারাক্ষন উনার সাথে কথা বলা, আড্ডা দেওয়া, বাড়ির বিষয় এবং গ্রামের বিষয় সহ আত্মীয়-স্বজনের বিষয়ে আলাপ-আলোচনা হতো। আমার কাকা আমাকে সবচেয়ে বেশি আদর করতেন এবং বিশ্বাস করতেন। উনার সাথে আমার কিংবা আমার সাথে উনার কখনোই মতের অমিল হয়নি। যদিও হতো, হয় তিনি আমারটা মেনে নিতেন, না হয় আমি উনারটা। বাবা-জেঠারা মারা গেছে অনেক আগেই। আমাদের বাড়িতে মাত্র ০৩জন চাচা জীবিত ছিলেন, তার মধ্যে শফিক কাকা ছিলেন সবার ছোট। এত তারাতারি পরপারে পাড়ি জমাবেন সেটা কখনো চিন্তায়ও আসেনি। খুব আক্ষেপ হয়, মনে হয় কেমন যেন অবহেলা করে চলে গেলেন। হার্নিয়ার অপারেশনে মানুষ মারা যাওয়া মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। কাকার চলে যাওয়ায় আমি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছি, মনে হয় আমি পঙ্গু হয়ে গিয়েছি। আমাকে আর ছায়া দেওয়ার মত, পরামর্শ দেওয়ার মত এবং আমার পাশে থাকার মত কেউ রইলো না। এমন মানুষ আমি হয়ত আর পাবনা। কালেভদ্রে শফিক সরকার একজন জন্ময়। সোজা সাপটা কথা বলা, মানুষের সামনেই নীতি কথা স্পষ্ট ভাবে বলে ফেলা, ন্যায়কে ন্যায় বলা, অন্যায়কে অন্যায় বলা এমন মানুষ আমাদের সমাজে পাওয়া দুস্কর। আমার কাকার চলে যাওয়া আমার বংশের তথা সমাজের জন্য অপূরনীয় ক্ষতি হয়ে গেলো। কাকা আপনি বেঁচে থাকবেন আমাদের সমাজের প্রতিটি মানুষের মাঝে। আপনার ভালো কাজ গুলি আপনাকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখবে। আল্লাহ্ আপনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক, আমিন।
সবার কাছে আমার কাকার জন্য দোয়া দোয়া ভিক্ষা চাচ্ছি।