05/06/2026
ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার শাসনামলে দায়ের করা কথিত মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে "বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন" এর উদ্যোগে সোমবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা আমীরুল ইসলামের ছোট ছেলে মুজাহিদুল ইসলাম। তিনি দাবি করেন, ২০০০ সালে কোটালীপাড়ায় ৭৬ কেজি বোমা বিস্ফোরণ মামলাসহ বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়ে দেশের বহু আলেম, ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্বকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং বিরোধী মত দমনের জন্য এসব মামলা ব্যবহার করা হয়েছে।
মুজাহিদুল ইসলাম বলেন, তার বাবা মাওলানা আমীরুল ইসলাম একজন প্রবীণ আলেম, পীর, ইসলামিক লেখক, সাহিত্যিক ও গবেষক। তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি, তালিম ও তাজকিয়ার কাজে নিয়োজিত ছিলেন। তবুও তিনি দীর্ঘ ২৫ বছর ধরে বিভিন্ন মামলার কারণে হয়রানি ও নির্যাতনের শিকার বলে দাবি করেন।
তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাওলানা আমীরুল ইসলামসহ সকল নিরপরাধ কারাবন্দি আলেমের প্রতি সুবিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ৭৬ কেজি বোমা মামলাসহ যেসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা বলে অভিযোগ রয়েছে, সেগুলো প্রত্যাহার করে আলেম-উলামাদের মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কারাবন্দি আলেমদের পরিবার নানা ধরনের কষ্ট ও বৈষম্যের শিকার হয়েছে। তাই তারা বৈষম্যবিরোধী অন্তর্বর্তী সরকারের কাছে সকল বৈষম্য দূর করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, ড. নাজিম, মাওলানা আমীরুল ইসলামের বড় ছেলে মো. আনোয়ারুল ইসলাম, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা আমীরুল ইসলামের স্ত্রী মোসা. ফাতেমা, জাহেদা আক্তার, মাহফুজা ইসলাম, তামান্না ওয়াহিদ এবং কারাবন্দি মাওলানা রফিকুল ইসলামের ছেলে মো. আহমেদ উল্লাহসহ অন্যান্যরা।
.
#বাংলাদেশ
#ঢাকা
#বিএনপি
#বিএনপি_নব্য_স্বৈরাচার
#বাংলাদেশ
#সর্বশেষ_সংবাদ
#সাম্প্রতিক_সংবাদ
#ইসলামিকসংবাদ