10/08/2026
দীর্ঘ ২০ বছর পর উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন, তফসিল ঘোষণা
উখিয়া প্রতিনিধি |
দীর্ঘ প্রায় ২০ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজারের উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটিতে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) উখিয়া উপজেলা সমবায় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিল পাঠ করেন উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উখিয়া স্টেশন, উখিয়ায়।
নির্বাচনে সমিতির ব্যবস্থাপনা কমিটির মোট ১২টি পদে ভোটগ্রহণ হবে। এর মধ্যে রয়েছে একজন সভাপতি, একজন সহ-সভাপতি, একজন সম্পাদক এবং ৯ জন সদস্য।
তফসিল অনুযায়ী, ১৬ ও ১৭ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উখিয়া উপজেলা সমবায় কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ ও সরবরাহ করা হবে। ১৮ আগস্ট অফিস চলাকালীন সময়ে মনোনয়নপত্র দাখিল করতে হবে।
১৯ আগস্ট সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্রের বিরুদ্ধে আপত্তি এবং বাতিলের বিরুদ্ধে আপিলের জন্য ২০ ও ২৩ আগস্ট সময় নির্ধারণ করা হয়েছে। আপিলের শুনানি ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে ২৪, ২৫ ও ২৭ আগস্ট জেলা সমবায় কর্মকর্তার কার্যালয়, কক্সবাজারে।
এরপর ৩০ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। ৩১ আগস্ট বিকেল ৩টায় বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির জাহেদুল ইসলাম বাবু, উজ্জ্বল ধর, জাকারিয়া সওদাগর, মৃদুল আইচ, নুরুল আবছারসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠান পরিচালনা করেন জুনিয়র সহকারী সমবায় কর্মকর্তা শ্যামল দা।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি নুরুজ্জামান বাক্কা।
নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিন পর উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
প্রতিবেদন: মোঃ মিজান উর রশীদ মিজান
দৈনিক আলোকিত উখিয়া